ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অবিলম্বে দশম গ্রেড প্রদানের দাবি জাতীয় প্রেসক্লাবের আলোচনা সভায়

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অবিলম্বে দশম গ্রেড প্রদানের দাবি জাতীয় প্রেসক্লাবের আলোচনা সভায়

বৈষম্যের অবসান ঘটিয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অবিলম্বে দশম গ্রেড প্রদানের দাবি জানানো হয়েছে। মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে “চিকিৎসা সেবায় মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্টদের ভূমিকা ও গুরুত্ব” শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এম-ট্যাব সভাপতি এ কে এম মুসা লিটনের সভাপতিত্বে এবং মহাসচিব মোঃ বিপ্লবুজ্জামান বিপ্লবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও এম-ট্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ড্যাব সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ, মহাসচিব ডাঃ মোঃ জহিরুল ইসলাম শাকিল, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও কেন্দ্রীয় ড্যাবের সহ-সভাপতি অধ্যাপক ডাঃ জালাল উদ্দিন মোহাম্মদ রুমী, কোষাধ্যক্ষ ডাঃ মোঃ মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডাঃ মোঃ খালেকুজ্জামান দিপু। সভায় বক্তারা বলেন, রোগীর সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা নমুনা সংগ্রহ থেকে শুরু করে প্যাথলজিক্যাল পরীক্ষা, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, ফিজিওথেরাপি ও ওষুধ সংরক্ষণসহ বিভিন্ন কার্যক্রমে সরাসরি ভূমিকা পালন করছেন। সমশিক্ষাগত যোগ্যতাসম্পন্ন অন্যান্য ডিপ্লোমাধারীদের দশম গ্রেড প্রদান করা হলেও তিন দশকের বেশি সময় ধরে মেডিকেল টেকনোলজিস্টদের এই দাবি উপেক্ষিত রয়েছে। পর্যাপ্ত পদোন্নতির সুযোগ না থাকায় এবং দেশে প্রায় ৪০ হাজার প্রশিক্ষিত টেকনোলজিস্ট বেকার থাকা সত্ত্বেও জনবল সংকটের কারণে অনেক হাসপাতালে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ব্যাহত হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার বলেন, করোনা মহামারির সময় জীবন ঝুঁকি নিয়ে কাজ করলেও এই পেশাজীবীদের অবদানের যথাযথ মূল্যায়ন করা হয়নি। আমলাতান্ত্রিক জটিলতা বাদ দিয়ে অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ১৭ বছরের আন্দোলনে এম-ট্যাব মহাসচিব মোঃ বিপ্লবুজ্জামান বিপ্লব, দবির উদ্দিন তুষার, রওশন আলী রাজু, মাহবুবার রহমান, আনোয়ার হোসেন, শিশির ও মিজানসহ অনেকেই কারাবরণ করেছেন। গণতান্ত্রিক সরকারের কাছে দ্রুত বাস্তব পদক্ষেপের আহ্বান জানান তিনি। সভা থেকে দশম গ্রেড প্রদান, শূন্য পদে নিয়োগ, চিকিৎসক ও নার্সের আনুপাতিক হারে নতুন পদ সৃজন এবং মেডিকেল টেকনোলজিস্ট কাউন্সিল গঠনের জোর দাবি জানানো হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আগড্যাবের সভাপতি ডাঃ মির্জা লুৎফর রহমান লিটন, নার্সেস নেত্রী বিলকিস জাহান, এম-ট্যাবের সিনিয়র সহ-সভাপতি খাজা মাঈন উদ্দিন মঞ্জুসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সংক্ষেপে:
জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অবিলম্বে দশম গ্রেড প্রদানের জোর দাবি জানানো হয়েছে।
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অবিলম্বে দশম গ্রেড প্রদানের দাবি জাতীয় প্রেসক্লাবের আলোচনা সভায়

0 Comments