ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

চট্টগ্রামে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে গাছের চারা বিতরণ করল স্বেচ্ছাসেবী সংগঠন সান্নিধ্য

চট্টগ্রামে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে গাছের চারা বিতরণ করল স্বেচ্ছাসেবী সংগঠন সান্নিধ্য

চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ওল্ড প্লাসিডিয়ান্স অ্যাসোসিয়েশন বা ওপিএ ফান ফেয়ার ২০২৬। উৎসবমুখর এই মেলায় পরিবেশবান্ধব ও ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে অংশ নেয় মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সান্নিধ্য। মেলার দিন শুক্রবার সান্নিধ্যের স্টলে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে দর্শনার্থীদের বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার দেওয়া হয়। একই সঙ্গে নগরজীবনে সবুজায়নের গুরুত্ব তুলে ধরে ছাদবাগান গড়ে তোলার জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করা হয়। শিশু, শিক্ষার্থী এবং অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সান্নিধ্যের স্টলটি পরিবেশ সচেতনতার একটি প্রাণবন্ত কেন্দ্রে রূপ নেয়। প্লাস্টিক জমা দিয়ে চারা গ্রহণের মাধ্যমে মেলায় আগত অনেকেই প্রকৃতি রক্ষার এই মহতী উদ্যোগে শামিল হন। আয়োজক সূত্রে জানা গেছে, ১৯৯১ সাল থেকে ওপিএর মানবিক উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে বিনামূল্যে পরিচালিত হয়ে আসছে ওপিএ লিটারেসি স্কুল। এই বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং দরিদ্র শিক্ষার্থীদের সহায়তার তহবিল সংগ্রহের লক্ষ্যেই প্রতিবছর ফান ফেয়ারের আয়োজন করা হয়ে থাকে। এবারের মেলায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং নগর সবুজায়নের গুরুত্বপূর্ণ বার্তা ছড়িয়ে দেয় সান্নিধ্য। দিনব্যাপী এই স্টল পরিচালনায় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন সংগঠনের পরিবেশবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আসরাফ উদ্দিন আকিফ, অর্থ সম্পাদক জিসান দাশ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সাকিব এবং স্বেচ্ছাসেবক সেন্হা বিশ্বাস, লিজা দাশ, রিয়া দে, মিজানুর রহমান, মো. ত্বোহা ও আবরার। সান্নিধ্যের পক্ষ থেকে বলা হয়, পরিবেশ সুরক্ষার দায়িত্ব এককভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়, এটি সকলের যৌথ দায়িত্ব। একটি প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, একটি গাছ রোপণ কিংবা বাসার ছাদে একটি ছোট বাগান গড়ার প্রতিটি পদক্ষেপই পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেলায় বিতরণ করা প্রতিটি চারা একদিন নগরের কোনো না কোনো ছাদে সবুজের আবরণ তৈরি করবে এবং মানুষের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ বাড়াবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা। সান্নিধ্যের পক্ষ থেকে আরও জানানো হয়, একটি চারা হয়তো তাৎক্ষণিকভাবে ছায়া দেবে না এবং একটি মাত্র উদ্যোগ রাতারাতি পৃথিবী বদলে দিতে পারে না, তবে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতাই পারে ধীরে ধীরে একটি সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ নিশ্চিত করতে।

সংক্ষেপে:
চট্টগ্রামে সেন্ট প্ল্যাসিডস স্কুলে ওপিএ ফান ফেয়ারে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে গাছের চারা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সান্নিধ্য।
চট্টগ্রামে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে গাছের চারা বিতরণ করল স্বেচ্ছাসেবী সংগঠন সান্নিধ্য

0 Comments