দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) উদ্যোগে ভারতের নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির (এসএইউ) পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ। ইউজিসির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ভারতের রাজধানীতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির ১৬তম গভর্নিং বোর্ডের বৈঠকে তাঁকে আগামী মেয়াদের জন্য এই পদে নির্বাচিত করা হয়। এই দায়িত্ব পাওয়ার মাধ্যমে তিনি বিদায়ী চেয়ারম্যান ও শ্রীলঙ্কার প্রতিনিধি অধ্যাপক কাপিলা সেনেভিরত্নের স্থলাভিষিক্ত হলেন। অধ্যাপক কাপিলা সেনেভিরত্নের সভাপতিত্বেই ১৬তম বোর্ড সভাটি অনুষ্ঠিত হয়েছিল। নিয়ম অনুযায়ী, পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের মেয়াদ নির্ধারিত হয় পরপর দুটি সভা অথবা নির্বাচনের তারিখ থেকে দুই বছর সময়সীমার মধ্যে যেটি আগে সম্পন্ন হয় তার ভিত্তিতে। নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় অধ্যাপক মামুন আহমেদ জানান, সাউথ এশিয়ান ইউনিভার্সিটির পরিচালনা পর্ষদের প্রধান পদে বাংলাদেশের কোনো প্রতিনিধির নির্বাচিত হওয়া দেশের জন্য দারুণ সম্মান ও মর্যাদার বিষয়। নিজের ওপর অর্পিত এই দায়িত্ব সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে তিনি সচেষ্ট থাকবেন। এর আগে, গত ২০২৪ সালের ২১ আগস্ট অনুষ্ঠিত বোর্ডের ১৩তম সভায় শ্রীলঙ্কার প্রতিনিধি অধ্যাপক কাপিলা সেনেভিরত্নেকে চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তাব অনুমোদন করা হয়েছিল। অধ্যাপক মামুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক। ইউজিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মাঝে উচ্চশিক্ষা ও গবেষণা খাতের উন্নয়ন, পারস্পরিক জ্ঞান বিনিময় এবং আঞ্চলিক সংহতি আরও জোরদার করার উদ্দেশ্যে সার্কভুক্ত আটটি দেশের যৌথ উদ্যোগে ২০১০ সালে নয়াদিল্লিতে এই আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছিল।
সাউথ এশিয়ান ইউনিভার্সিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ। নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৬তম গভর্নিং বোর্ডের সভায় তাঁকে পরবর্তী মেয়াদের জন্য এই দায়িত্ব দেওয়া হয়।


0 Comments