ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

রামুর বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় বিজয়ী হলো নদীর তুফান দল

রামুর বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় বিজয়ী হলো নদীর তুফান দল

দীর্ঘদিনের ঐতিহ্য টিকিয়ে রাখতে রামুর বাঁকখালী নদীতে আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। শুক্রবার দুপুর তিনটার দিকে ফতেখাঁরকুলের বৃহত্তর অফিসের চর ক্রীড়া পরিষদের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতার শুভ সূচনা হয়। খেলা শুরুর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। বাদ্যযন্ত্রের তালে তরুণদের নাচ ও উৎসবে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিযোগিতাকে কেন্দ্র করে নদীর দুই তীরে ভিড় জমান হাজারো উৎসুক দর্শক। ফাইনালসহ মোট ১৫ রাউন্ডের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নদীর তুফান দল এবং রানার্সআপ হয়েছে কৃষক সমবায় সমিতি। এমন সুন্দর আয়োজনে নিজেদের উচ্ছ্বাসের কথা জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রতিযোগীরা। আয়োজকদের পক্ষে সমন্বয়কারী এডভোকেট জালাল উদ্দিন রনি জানান, বাঁকখালী নদীতে দীর্ঘসময় ধরে বড় পরিসরে নৌকাবাইচ হচ্ছে না। সেই ঐতিহ্য বাঁচিয়ে রাখতেই সীমিত পরিসরে তাদের এই উদ্যোগ। স্থানীয় বাসিন্দা কাইয়ুম উদ্দিন আশা প্রকাশ করে বলেন, নৌকাবাইচের এই ঐতিহ্য যেন যুগ যুগ ধরে টিকে থাকে এবং বর্তমান প্রজন্ম মাদক ছেড়ে খেলাধুলার প্রতি আরও বেশি মনোযোগী হবে। প্রতিযোগিতার শেষ পর্যায়ে বিজয়ী ও রানার্সআপ দলগুলোর হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। একইসঙ্গে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, বিএনপি নেতা মির্জা আবছার এবং মৈত্রী-০২ এর সভাপতি ও ব্যবসায়ী মোহাম্মদ নুরুল আলমসহ অন্যান্যরা। এছাড়া আয়োজকদের মধ্যে এডভোকেট জালাল উদ্দিন রনি, সোহেল রানা, আমির হামজা, রিমন, মোমেন, নুরুল আজিম, আনসার উল্লাহ ও স্বপন উপস্থিত ছিলেন। বাঁকখালীর বুকে যুগ যুগ ধরে এই নৌকাবাইচ অব্যাহত থাকুক, এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের।

সংক্ষেপে:
রামুর বাঁকখালী নদীতে ফতেখাঁরকুলের বৃহত্তর অফিসের চর ক্রীড়া পরিষদের উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৫ রাউন্ডের এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে নদীর তুফান দল এবং রানার্সআপ হয়েছে কৃষক সমবায় সমিতি।
রামুর বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় বিজয়ী হলো নদীর তুফান দল

0 Comments