সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ দুর্গাপূজা নিয়ে রাজনীতি করেছে এবং বর্তমানে জামায়াত-শিবির ও এনসিপি একই ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে। রোববার রাতে নোয়াখালী জেলা শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উল্লেখ করেন, দুর্গাপূজা বাংলাদেশের অন্যতম প্রধান একটি ধর্মীয় আয়োজন এবং এ উৎসবকে ঘিরে কোনো ধরনের রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। দেশের সকল নাগরিকের নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালনের পরিবেশ নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা সবার নৈতিক দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও জানান, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ যেখানে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্মীয় উৎসবকে রাজনৈতিক বিতর্কের হাতিয়ার না বানিয়ে পারস্পরিক সৌহার্দ্য, সহনশীলতা ও ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনার ওপর তিনি জোর দেন। ছাত্রদল সবসময় গণতান্ত্রিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনা এবং মানুষের ধর্মীয় স্বাধীনতায় আস্থাশীল উল্লেখ করে তিনি বলেন, কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা উচিত নয়। দুর্গাপূজাকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্যের প্রেক্ষাপটে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি। পরিদর্শনকালে মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক অনুদান তুলে দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেলসহ বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
দুর্গাপূজা নিয়ে ১৭ বছর আওয়ামী লীগ রাজনীতি করেছে এবং এখন জামায়াত-শিবির ও এনসিপি ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।


0 Comments