ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাট, পেঁয়াজ, রসুন ও চালের গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসার সব পুঁজি হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন আলফাডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইমরুল হাসানসহ আটজন ব্যবসায়ী। গত শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গুদামগুলোতে থাকা সমস্ত মালামাল পুড়ে ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. ইমরুল হাসান জানান, তার গুদামে ২০০ মণ পেঁয়াজ, ১৫০ মণ পাট, ৫০ মণ রসুন এবং ৪০ মণ চাল ছিল। আগুনে তার প্রায় ২০ থেকে ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নিজের পুঁজির পাশাপাশি ব্যাংক ঋণ নিয়ে তিনি এই ব্যবসা শুরু করেছিলেন বলে জানান। এছাড়া তিনি দাবি করেন, শৈশব থেকে রাজনীতির সাথে জড়িত থাকলেও জীবনের এই বড় বিপর্যয়ে দলের কোনো নেতাকর্মী তার খোঁজ নেননি। এদিকে, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সঠিক তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং সরকারিভাবে তাদের পুনর্বাসনের সর্বাত্মক চেষ্টা করা হবে।
ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ আগুনে যুবদল নেতাসহ আট ব্যবসায়ীর গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। নিঃস্ব ব্যবসায়ীদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছে প্রশাসন।
-6ae04bdc65054.webp)

0 Comments