জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই মামলায় অন্য তিন আসামিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া দণ্ডিত চার নেতার স্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। হানিফসহ দণ্ডিত চার আসামিই বর্তমানে পলাতক রয়েছেন। রায়ে বলা হয়েছে, বাজেয়াপ্ত করা সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে, তা জুলাই ফাউন্ডেশন বা অন্য কোনো বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে জুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হবে। এ রায়সহ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় মোট আটটি মামলার রায় ঘোষণা করা হলো, যেখানে মোট ৭২ জনকে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ ২৩ জন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ১৯ জন পলাতক এবং ৪ জন কারাগারে আছেন। ট্রাইব্যুনাল-২ এর বিচারকরা বেলা ১১টা ৫০ মিনিটের পর আসন গ্রহণ করেন এবং দুপুর ১২টার আগেই রায় ঘোষণা শুরু করেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী জানান, আসামিরা উপস্থিত না থাকায় বিস্তারিত রায় না পড়ে কেবল সাজা ঘোষণা করা হচ্ছে। এ মামলায় আসামিদের বিরুদ্ধে আনিত পাঁচটি অভিযোগই প্রমাণিত হয়েছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, মাহবুব উল আলম হানিফের প্ররোচনা, উসকানি ও নির্দেশে ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়ায় আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি চালান। এতে ছয়জন শহীদ হন। এই অপরাধে হানিফকে মৃত্যুদণ্ড এবং সদর উদ্দিন খান, আসগর আলী ও আতাউর রহমানকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যান্য অমানবিক কর্মকাণ্ড, রাজনৈতিক নিপীড়ন, ষড়যন্ত্র এবং যৌথ পরিকল্পনার অভিযোগে গঠিত দুই থেকে পাঁচ নম্বর অভিযোগে হানিফসহ চার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম রায়কে সময়োপযোগী বলে স্বাগত জানান। অন্যদিকে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন রায়টিকে অপ্রত্যাশিত উল্লেখ করে হতাশা প্রকাশ করেন। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম জানান, রায়ে আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড এবং অন্য তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


0 Comments