অবসরপ্রাপ্ত মার্কিন সেনা কর্মকর্তা ও পররাষ্ট্রনীতি বিশ্লেষক ড্যানিয়েল ডেভিস বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতার কারণে সামরিকভাবে দেশটিকে পরাজিত করা সম্ভব নয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ধারাবাহিক বার্তার বরাত দিয়ে পার্সটুডে ও ইরনা সংবাদ সংস্থার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ড্যানিয়েল ডেভিস বলেন, ইরান দীর্ঘ সময় ধরে বিমানযুদ্ধে জয়ী হওয়ার পরিবর্তে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ও দুর্গ নির্মাণে গুরুত্ব দিয়েছে। তিনি ইরানকে গ্রানাইট পাথরের পাহাড়ের সঙ্গে তুলনা করে উল্লেখ করেন, পারমাণবিক অস্ত্র দিয়েও গ্রানাইট পাহাড় ধ্বংস করা যায় না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে এই সাবেক সেনা কর্মকর্তা বলেন, সামরিক সংঘাত আরও বাড়ানোর আগে রাজনৈতিক প্রচারণার ওপর নির্ভর না করে বাস্তব পরিস্থিতি মেনে সিদ্ধান্ত নেওয়া উচিত। তাঁর মতে, ইরান ইতিমধ্যে প্রমাণ করেছে যে তাদের ওপর যেকোনো হামলার বিপরীতে তারা সমানুপাতিক পাল্টা জবাব দিতে সক্ষম, অথচ যুক্তরাষ্ট্রের কাছে সেই হামলা পুরোপুরি প্রতিহত করার মতো পর্যাপ্ত প্রতিরক্ষা সক্ষমতা নেই। পশ্চিম এশিয়ায় সংঘাত আরও ঘনীভূত হওয়ার আগেই বাস্তবসম্মত মূল্যায়ন করে এই চক্র থেকে বেরিয়ে আসার পথ খোঁজার তাগিদ দিয়েছেন তিনি। ড্যানিয়েল ডেভিস আরও বলেন, সামরিক বাস্তবতাকে উপেক্ষা করে হামলা চালিয়ে যাওয়ার চেয়ে যেকোনো চুক্তিতে পৌঁছানোও যুক্তরাষ্ট্রের জন্য শ্রেয় হবে।
সামরিকভাবে ইরানকে পরাজিত করা সম্ভব নয় বলে সতর্ক করেছেন অবসরপ্রাপ্ত মার্কিন সেনা কর্মকর্তা ও বিশ্লেষক ড্যানিয়েল ডেভিস।


0 Comments