মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হিসেবে রক্ষণশীল ভাষ্যকার ক্যাটি জাকারিয়াকে মনোনীত করেছেন। এই দায়িত্ব পাওয়ার মাধ্যমে তিনি ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংবাদমাধ্যমের যোগাযোগের মূল দায়িত্ব পালন করবেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তার মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করেন ক্যাটি জাকারিয়া। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের আড়াইশ বছর পূর্তির এই সন্ধিক্ষণে প্রেসিডেন্ট ও সাধারণ মানুষের সেবা করার সুযোগ পাওয়া তার ক্যারিয়ারের অন্যতম বড় সম্মান। ক্যাটি জাকারিয়াকে এই পদে নিয়োগের ঘোষণা দিয়ে তার পেশাগত অভিজ্ঞতার কথা তুলে ধরে ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি এর আগে ট্রুথ সোশ্যাল, ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ, ফক্স নিউজ এবং নিউজম্যাক্সে কাজ করেছেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, শুরু থেকেই জাকারিয়া তার একজন বিশ্বস্ত ও জোরালো সমর্থক ছিলেন। নতুন প্রেস সেক্রেটারি চূড়ান্ত করার আগে নিজের ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করেন ট্রাম্প, যার মধ্যে সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটও অন্তর্ভুক্ত ছিলেন। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জাকারিয়া জানান, তিনি আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্বভার গ্রহণ করবেন। ট্রাম্পের পক্ষে তার লড়াকু অবস্থান ও জোরালো ভূমিকার কারণেই তিনি এই পদে মনোনীত হয়েছেন বলে জানান তিনি। এছাড়া এক্সে দেওয়া অন্য এক বার্তায় তিনি জানান, দেশের অগ্রগতি এবং প্রশাসনের সাফল্যগুলো জনগণের সামনে তুলে ধরাই হবে তার প্রধান লক্ষ্য। পাশাপাশি হোয়াইট হাউসের সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গেও কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এদিকে নতুন প্রেস সেক্রেটারিকে অভিনন্দন জানিয়ে সামাজিক মাধ্যমে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। উল্লেখ্য, এর আগে গত জুন মাস থেকে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ ও ট্রুথ সোশ্যালে জ্যেষ্ঠ যোগাযোগবিষয়ক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন জাকারিয়া। এছাড়াও তিনি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে জ্যেষ্ঠ কর্মকর্তা, ট্রাম্পের নির্বাচনী প্রচার এবং রক্ষণশীল সংগঠন ফিক্স ক্যালিফোর্নিয়ার আইনবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হিসেবে রক্ষণশীল ভাষ্যকার ক্যাটি জাকারিয়াকে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


0 Comments