প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার ফেনী সফরে যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা ঘাট পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে দলীয় পতাকা, ব্যানার ও ফুল হাতে অবস্থান নেন তারা। প্রধানমন্ত্রীর গাড়িবহর অতিক্রম করার সময় নেতাকর্মীদের স্লোগান ও পুষ্পবৃষ্টিতে মহাসড়ক এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় নারায়ণগঞ্জের বিএনপির সংসদ সদস্যরাও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন। এর আগে এদিন সকাল ৮টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে সড়কপথে ফেনীর পরশুরামের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। নির্ধারিত সূচি অনুযায়ী, পরশুরাম উপজেলার খোয়াইঘাট-মুহুরী ব্রিজ এলাকায় সাড়ে ১২টায় এক হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে অনুমোদিত মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের প্রথম পর্যায়ের পুনর্বাসন কাজের উদ্বোধন করার কথা রয়েছে তার। এরপর তিনি স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পর্যায়ক্রমে তিনি ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি, জেলা পরিষদ ডাকবাংলোর ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ উদ্বোধন এবং বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন।
ফেনী সফরে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন নেতাকর্মীরা।


0 Comments