গণভোটে জনগণের দেওয়া রায়ের মর্যাদা রক্ষা ও অধিকার আদায়ের আন্দোলনের অংশ হিসেবে প্রয়োজনে রাজধানী ঢাকার রাজপথে সমবেত হওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে শনিবার শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা পয়েন্টে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই আহ্বান জানান। আল্লামা মামুনুল হক বলেন, দেশের মানুষের অধিকার নিশ্চিত করা এবং ৭০ শতাংশ মানুষের ভোটে প্রকাশিত গণরায়ের মর্যাদা রক্ষা করতেই ১১ দলীয় ঐক্য এই আন্দোলন শুরু করেছে। আজকের লংমার্চে যেভাবে জনগণ সংহতি প্রকাশ করেছে, আগামী দিনে গণভোটের রায় বাস্তবায়নের এক দফা দাবিতে ঢাকার রাজপথে সমবেত হওয়ার ডাক দেওয়া হলে সেভাবে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। সরকারের উদ্দেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, কেবল ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের ভেলকিবাজির মাধ্যমে সাধারণ মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার অপচেষ্টা বন্ধ করতে হবে। অন্যথায় দেশের জনগণ সরকারকে চূড়ান্তভাবে লালকার্ড দেখাতে প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও উল্লেখ করেন, যথাসময়ে কর্মসূচি ঘোষণা করা হবে এবং সারাদেশের জনসাধারণকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গঠন করা হবে। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি।
গণভোটের রায় রক্ষা ও অধিকার আদায়ে প্রয়োজনে ঢাকার রাজপথে সমবেত হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।


0 Comments