কক্সবাজার শহরে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বাহারছড়া বাজার, হাসপাতাল সড়ক ও বাজারঘাটা এলাকায় এই তদারকি অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ। অভিযানে বাহারছড়া বাজার এলাকার একটি মাংসের দোকানকে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে মাংস বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হাসপাতাল সড়কের একটি ডেন্টাল ক্লিনিককে অন্যের নাম, পদবি ও প্যাড ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে ২০ হাজার টাকা এবং বাজারঘাটার একটি মিষ্টির দোকানকে ওজনে কারচুপি করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে মাছ, ফল, মুরগির দোকান, হোটেল ও মুদির দোকানেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের তদারকি চালানো হয়। এ সময় ব্যবসায়ীরা সঠিক মূল্য তালিকা প্রদর্শন করছেন কি না, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছেন কি না, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বা ব্যবহার করা হচ্ছে কি না এবং সঠিক ওজনে পণ্য কেনাবেচা হচ্ছে কি না, তা নিবিড়ভাবে যাচাই করা হয়।
কক্সবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শহরের বাহারছড়া বাজার, হাসপাতাল সড়ক ও বাজারঘাটা এলাকায় এই তদারকি অভিযান পরিচালনা করা হয়।


0 Comments