ইরান সংঘাত শুরুর পর থেকে মার্কিন সামরিক বাহিনীর অন্তত ৮১টি যুদ্ধবিমান, ড্রোন এবং হেলিকপ্টার ধ্বংস কিংবা ক্ষতির মুখে পড়েছে। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এবং কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস-এর একটি প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই সামরিক সরঞ্জামের আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৩ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। ক্ষতিগ্রস্ত আকাশযানগুলোর মধ্যে রয়েছে ১২টি এফ-১৫ই স্ট্রাইক ইগল ফাইটার জেট এবং একটি এফ-৩৫এ লাইটনিং টু স্টিলথ ফাইটার। এর মধ্যে গত ৩ মার্চ কুয়েতে ভুলবশত ৩টি এফ-১৫ই বিমান ভূপাতিত হয় এবং এপ্রিলে ইরানে আরেকটি ভূপাতিত হয়। এছাড়া জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে ৯ ও ১০ সেপ্টেম্বর ইরানের বিমান হামলায় আরও ৮টি এফ-১৫ই সামান্য ক্ষতিগ্রস্ত হলেও পরে তা মেরামত করে পুনরায় সেবায় যুক্ত করা হয়েছে। এই সংঘাতে সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে অন্তত ৪৫টি এমকিউ-৯ রিপার ড্রোন। প্রতিটির আনুমানিক মূল্য ৩০ থেকে ৫০ মিলিয়ন ডলার হওয়ায় বিমানবাহিনীর এই ড্রোনের সংখ্যা কমে বর্তমানে ১৩৫টিতে নেমে এসেছে, যেখানে ন্যূনতম ১৮৯টি ড্রোন থাকা আবশ্যক। অপরদিকে, গত ১৯ মার্চ ইরানের হামলায় ৯২ মিলিয়ন ডলার মূল্যের একটি এফ-৩৫এ যুদ্ধবিমান এবং ২৭০ মিলিয়ন ডলার মূল্যের একটি ই-৩ সেন্ট্রি গোয়েন্দা বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংসের শিকার হয়। এপ্রিলে এবং সেপ্টেম্বরের জর্ডান হামলায় দুটি এ-১০ থান্ডারবোল্ট টু গ্রাউন্ড-অ্যাটাক বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের হিসাব অনুযায়ী ধ্বংস বা ক্ষতির তালিকায় আরও রয়েছে ৭টি কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার, ২টি এমসি-১৩০জে কমান্ডো টু, ১টি এইচএইচ-৬০ডব্লিউ জলি গ্রিন টু হেলিকপ্টার, ১টি এমকিউ-৪সি ট্রাইটন ড্রোন, ৩টি এমকিউ-১ ড্রোন, ১টি এএইচ-৬৪ অ্যাপাচি, ৪টি এএইচ-৬ লিটল বার্ড এবং ১টি এমএইচ-৬০ সি হক হেলিকপ্টার। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, গত মাসে ইরান যুদ্ধের সর্বমোট ব্যয় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৬ বিলিয়ন ডলারে, যা আগস্ট মাসের তুলনায় ৫ বিলিয়ন ডলার বেশি। একই সঙ্গে অস্ত্র বাবদ ব্যয় এক মাসের ব্যবধানে ২১ দশমিক ৭ বিলিয়ন ডলার থেকে বৃদ্ধি পেয়ে ২৮ দশমিক ১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন সামরিক বাহিনীর ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে যার আর্থিক মূল্য প্রায় ৩.৩ বিলিয়ন ডলার।


0 Comments