কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় উৎসবমুখর পরিবেশে গ্রামবাংলার হারানো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বজরুখ বাখয় বিলে এই আয়োজন করা হয়। প্রতি বছরের ধারাবাহিকতায় বজরুখ বাখয় ও দুর্গাপুর গ্রামের বাসিন্দারা এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতার আয়োজন করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ, সাধারণ মানুষকে সুস্থ বিনোদন প্রদান এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনই এই উদ্যোগের মূল লক্ষ্য। মঙ্গলবার সকাল থেকেই দূর-দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থী বিলের পাড় ও আশপাশের গ্রামীণ সড়কে জড়ো হন। রঙিন ডিঙি নৌকায় চেপে রঙিন গামছা পরে মাঝিরা বাঁশির তালে তালে একযোগে দাঁড় টানেন। এ সময় দুই তীরের দর্শকদের উল্লাস ও তালি পুরো পরিবেশকে মুখরিত করে তোলে। প্রতিযোগিতা দেখতে আসা প্রবীণ ব্যক্তিরা জানান, শৈশবে তারা এই বিলেই নৌকা বাইচ দেখেছেন এবং কিছু বছর বন্ধ থাকার পর পুনরায় আয়োজন শুরু হওয়ায় তাদের পুরোনো স্মৃতি ফিরে এসেছে। তারা এই ধারা প্রতি বছর চালু রাখার দাবি জানান। স্থানীয়দের মতে, জলাভূমি ভরাট ও আধুনিক প্রযুক্তিনির্ভর বিনোদনের ভিড়ে একসময় এই লোকজ সংস্কৃতি প্রায় বিলীন হওয়ার উপক্রম হয়েছিল। তবে স্থানীয়দের সুসংগঠিত প্রচেষ্টায় ঐতিহ্যটি আবার প্রাণ ফিরে পেয়েছে। আয়োজক কমিটির সদস্য বিপুল হোসেন উল্লেখ করেন যে, নৌকা বাইচ কেবল একটি ক্রীড়ানুষ্ঠান নয়, এটি গ্রামীণ সংস্কৃতি ও মানুষের মিলনের এক অনন্য উৎসব। দেশজুড়ে এমন আয়োজন ছড়িয়ে দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
কুষ্টিয়ার কুমারখালীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বজরুখ বাখয় বিলে আয়োজিত এই প্রতিযোগিতায় হাজারো দর্শনার্থীর ভিড় জমেছিল।


0 Comments