রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী কর্মসূচির সময় ব্যক্তিগত লাইসেন্স করা অস্ত্র হাতে নেওয়ার ঘটনার ব্যাখ্যা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রবিবার (১৮ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, মাদক কারবারিদের পক্ষ থেকে হামলার আশঙ্কায় আত্মরক্ষার জন্য তিনি ও তার সরকারি নিরাপত্তারক্ষীরা কিছু সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তা যথাস্থানে রাখা হয়। প্রতিমন্ত্রী জানান, গত শনিবার (১৭ অক্টোবর) গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকায় কর্মসূচি চলাকালে একদল ব্যক্তি মারমুখী ভঙ্গিতে গাড়িবহরের দিকে এগিয়ে এলে নিরাপত্তাঝুঁকি তৈরি হয়। গেন্ডারিয়ার ঘণ্টিঘর, মুন্সিটেক, করাতিটোলাসহ বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা ও শিক্ষার্থীদের মধ্যে মাদকের বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ পেয়ে আসছেন উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই এ সমস্যা সমাধানে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। গত জুনে মাদকসংক্রান্ত সহিংসতায় তিনজন গুলিবিদ্ধ হওয়ার পর তিনি এলাকাটি পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা করেন। এছাড়া মাদকের আস্তানার কাছে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন ও জনবলসংকট দূর করতে সংশ্লিষ্ট থানাকে আধাসরকারি পত্র দেওয়া হলেও তা বাস্তবায়নাধীন রয়েছে। পুলিশ প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতাদের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী নাগরিকদের অংশগ্রহণে সামাজিক প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে শনিবার তিনি সেখানে যান এবং গেন্ডারিয়া থানাকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশের উপস্থিতিতে সন্দেহভাজন মাদকের আস্তানাগুলোতে অভিযান চালিয়ে চার থেকে পাঁচটি অবৈধ ও অস্থায়ী আস্তানা উচ্ছেদ করা হয়। সেখান থেকে হেরোইন, বিদেশি মদ, মাদক সেবনের সরঞ্জাম, দেশীয় ধারালো অস্ত্র, নগদ টাকা ও ছিনতাই করা মোবাইল ফোন জব্দ করা হয় এবং ছয়জনকে আটক করে আলামতসহ থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে জানান প্রতিমন্ত্রী। কয়েকটি গণমাধ্যমে ঘটনার কেবল কয়েক সেকেন্ডের দৃশ্য প্রচার করে পুরো পরিস্থিতি এড়িয়ে যাওয়ার সমালোচনা করে ইশরাক হোসেন বলেন, অস্ত্র প্রদর্শনের বিষয়টিকে সামনে আনা হলেও অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার এবং ছয়জনকে আটকের বিষয়টি উপেক্ষা করা হয়েছে। সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি জানান, ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত করতে তার এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গেন্ডারিয়ায় মাদকবিরোধী কর্মসূচিতে অস্ত্র হাতে নেওয়ার ঘটনায় আত্মরক্ষার কারণ ব্যাখ্যা করে বিবৃতি দিয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।


0 Comments