ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের অব্যাহত হামলার হুমকির মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের অন্যতম প্রধান আকাশচুম্বী ভবন কিংডম সেন্টারের সব কার্যালয় বাসা থেকে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষের এই নির্দেশনা অনুযায়ী, রবিবার (১৮ অক্টোবর) থেকে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই ভবনের সব অফিস বন্ধ রেখে কার্যক্রম অনলাইনে বা বাসা থেকে পরিচালনা করতে বলা হয়েছে। ভবনটির ভাড়াটেদের পাঠানো এক ই-মেইল বার্তায় নির্ধারিত সময়ে অফিসে না আসার অনুরোধ জানানো হয়েছে। তবে ৯৯ তলা বিশিষ্ট এই ভবনটির নিচের শপিংমলগুলো খোলা রাখা হয়েছে। এদিকে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুথিদের সম্ভাব্য হামলার আশঙ্কায় নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর বিমান চলাচল বন্ধ থাকায় আকাশপথে যাতায়াতের সময় আমেরিকানদের চরম সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশন সম্ভাব্য বিমানবন্দর হামলা, আকাশসীমা বন্ধ হওয়া, ফ্লাইট বাতিল ও ভ্রমণ বিঘ্নিত হওয়ার বিষয়ে সতর্ক করে। মার্কিন মিশন জানিয়েছে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম এখনো বন্ধ রয়েছে। তবে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু থাকলেও সেখানে কিছু ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ বিলম্বিত বা বাতিল হচ্ছে। যেসব মার্কিন নাগরিক সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার করে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের যাত্রা করার আগে অবশ্যই সংশ্লিষ্ট এয়ারলাইনস ও বিমানবন্দরের কাছ থেকে ফ্লাইটের বর্তমান অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে নতুন করে হামলা এবং ফ্লাইট সময়সূচি বা আকাশসীমা পরিবর্তনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এছাড়া নাগরিকদের মোবাইল ফোনে সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের দেওয়া জাতীয় জরুরি সতর্কতা মেনে চলার কথাও জানিয়েছে মার্কিন মিশন।
হুথিদের ক্রমবর্ধমান হামলার মুখে রিয়াদের কিংডম সেন্টারের সব অফিস হোম অফিসে রূপান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।


0 Comments