ভারতের দিল্লিতে চলমান আন্দোলনে দমন-পীড়ন বন্ধ এবং গ্রেপ্তার ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবিতে রাজধানী ঢাকার শাহবাগে সমাবেশ ও মশালমিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ যুব ফ্রন্ট। রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভারতের আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে সংগঠন দুটির নেতা-কর্মীরা এই কর্মসূচি পালন করেন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় আহ্বায়ক রাশেদ শাহরিয়ারের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক। সভাপতির বক্তব্যে রাশেদ শাহরিয়ার বলেন, গণতান্ত্রিক আন্দোলনে দমন-পীড়নের ঘটনা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারতের দাবির আড়ালে থাকা বাস্তবতাকে উন্মোচিত করেছে। তিনি সমকালীন বিশ্ব ও রাষ্ট্রব্যবস্থার সংকট তুলে ধরে বিদ্যমান ব্যবস্থার বিরুদ্ধে বিপ্লবী গণ-আন্দোলন গড়ে তোলার মাধ্যমে জনগণের বিজয় অর্জনের সম্ভাবনার কথা বলেন। পাশাপাশি, ভারত সরকারের প্রতি আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়া এবং আটক ব্যক্তিদের মুক্তির দাবি জানান তিনি। এছাড়া ভারতের ছাত্রসমাজ ও সাধারণ জনগণকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তাদের প্রতি সংহতি প্রকাশ করেন রাশেদ শাহরিয়ার। সমাবেশে আরও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও ঢাকা নগর শাখার সভাপতি নওশিন মুসতারি সাথী, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগর শাখার সহসভাপতি পঙ্কজনাথ সূর্য এবং বাংলাদেশ যুব ফ্রন্টের ঢাকা নগর শাখার আহ্বায়ক রবিউল করিম। সমাবেশ শেষে শাহবাগ এলাকায় একটি মশালমিছিল বের করা হয়।
দিল্লির আন্দোলনে দমনপীড়ন বন্ধ ও আটকদের মুক্তির দাবিতে শাহবাগে মশালমিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও যুব ফ্রন্ট।


0 Comments