দেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের সংবেদনশীল স্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর ছবি ও ভিডিও ধারণ এবং তা গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে বন্দর কর্তৃপক্ষ। গত মঙ্গলবার বন্দর কর্তৃপক্ষের সচিবের স্বাক্ষরসংবলিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া বন্দরের নিরাপত্তা ব্যবস্থা, সংরক্ষিত এলাকা, নজরদারি সক্ষমতা, স্থাপনার অভ্যন্তরীণ বিন্যাস এবং অপারেশনাল তথ্য ধারণ, প্রকাশ বা প্রচার করা সম্পূর্ণ বেআইনি। এই নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বন্দর কর্তৃপক্ষ আরও জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম, গণমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে বন্দরের প্রবেশ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, যোগাযোগ কাঠামো, সিসিটিভি ও অন্যান্য নজরদারি ব্যবস্থা, জাহাজ ও কার্গো হ্যান্ডলিং-সংক্রান্ত ছবি, ভিডিও, স্কেচ বা যেকোনো ধরনের তথ্য সংগ্রহ ও প্রচার থেকে সবাইকে বিরত থাকতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় অর্থনীতি, বৈদেশিক বাণিজ্য এবং আমদানি-রপ্তানির ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের গুরুত্ব অপরিসীম। আন্তর্জাতিক মানদণ্ড ও জাতীয় নিরাপত্তা বিধি অনুসরণ করায় বন্দরটি আন্তর্জাতিক জাহাজ ও বন্দর স্থাপনা নিরাপত্তা বা আইএসপিএস কোডের আওতায় জিরো অবজারভেশন অর্জন করেছে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ক শ্রেণির কেপিআই বা কী পয়েন্ট ইনস্টলেশন হওয়ায় বন্দরের নিরাপত্তা বজায় রাখা সরাসরি জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২ এর ১২ ধারা অনুযায়ী বন্দরের সুষ্ঠু পরিচালনা এবং সর্বসাধারণের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের স্বার্থে বন্দর সীমার পুরো এলাকাকে সংরক্ষিত এলাকা হিসেবে গণ্য করা হয়েছে। এছাড়া অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩ এর বিধান অনুযায়ী রাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট স্পর্শকাতর স্থাপনার নকশা, ছবি বা তথ্য অনুমতি ছাড়া ধারণ এবং প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ। ফলে বন্দরের সংরক্ষিত ও নিরাপত্তা-সংশ্লিষ্ট এলাকায় অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ধারণ এবং তথ্য সংগ্রহ থেকে সবাইকে কঠোরভাবে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দরের সংবেদনশীল স্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থার ছবি-ভিডিও ধারণ এবং প্রকাশে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।


0 Comments