শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় কিশোরগঞ্জের ইটনা উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাজমুল ঠাকুরকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) এনসিপি জেলা আহ্বায়ক কমিটির দপ্তর এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক রাতুল নাহিদ ভূঁইয়ার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার ফলে দলে নেতিবাচক প্রভাব সৃষ্টি হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে চারদিকে আলোচনা-সমালোচনা চলছে। বহিষ্কারের আদেশে বলা হয়েছে, সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারের পরামর্শে এবং কিশোরগঞ্জ জেলার আহ্বায়ক শেখ খায়রুল কবিরের নির্দেশক্রমে মো. নাজমুল ঠাকুরকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে বলে পত্রে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ইয়াবা সেবনের ভিডিওটিকে সম্পূর্ণ ফেক বা বানোয়াট বলে দাবি করেছেন অভিযুক্ত মো. নাজমুল ঠাকুর। তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এই দাবি জানান।
কিশোরগঞ্জের ইটনা উপজেলা এনসিপির আহ্বায়ক মো. নাজমুল ঠাকুরকে শৃঙ্খলা পরিপন্থী অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ইয়াবা সেবনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এই সিদ্ধান্ত আসে, যদিও তিনি ভিডিওটিকে ফেক বলে দাবি করেছেন।


0 Comments