ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

টোকিওতে বাংলাদেশ-জাপান সামিট বৈঠক অনুষ্ঠিত, প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার প্রদান

টোকিওতে বাংলাদেশ-জাপান সামিট বৈঠক অনুষ্ঠিত, প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার প্রদান

টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাপানের সরকারপ্রধান সানায়ে তাকাইচির মধ্যে দ্বিপক্ষীয় সামিট বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং জাপানের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় উভয় দেশের জাতীয় সংগীত পরিবেশিত হয় এবং প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে দুই নেতা নিজ নিজ সফরসঙ্গীদের একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরিদর্শন বইতে স্বাক্ষরের পর দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে মিলিত হন। আলোচনার ফলাফল নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে দুই নেতার। এছাড়া জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। চার দিনের এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপনসহ দেশটির ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এর আগে সোমবার সকালে টোকিও পৌঁছালে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াসুতাকা নাকাসোনে। সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসো, মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি এবং জাইকার প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকার সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, ইপিএ বাস্তবায়ন, কাফকো আধুনিকায়ন, দ্বিতীয় সার কারখানা স্থাপন, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তি গ্রাম প্রতিষ্ঠার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় বিদেশ সফর। তাঁর সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলে মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, সচিব এবং বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

সংক্ষেপে:
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে টোকিওতে সামিট বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
টোকিওতে বাংলাদেশ-জাপান সামিট বৈঠক অনুষ্ঠিত, প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার প্রদান

0 Comments