দলীয় শৃঙ্খলাভঙ্গ, ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগে শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুর নির্দেশক্রমে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, মতিউর রহমান সাগরের বিরুদ্ধে অসাংগঠনিক কর্মকাণ্ড ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ থাকায় গত ২৮ জুলাই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। বারবার দলীয় নীতি লঙ্ঘন করায় বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তাকে সাংগঠনিক সম্পাদক পদ ও প্রাথমিক সদস্যপদসহ সব দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। সাগরের বিরুদ্ধে সর্বশেষ অভিযোগ ওঠে গত সোমবার (৫ অক্টোবর) নড়িয়া উপজেলার নোয়াদ্দা বাংলাবাজার এলাকায় নির্বাচনি বিলবোর্ড স্থাপন কেন্দ্র করে। অভিযোগ অনুযায়ী, বিলবোর্ড স্থাপনকে কেন্দ্র করে জুলাই শহীদ মিরাজুল ইসলাম অর্ণবের বাবা আবু তালেবের সঙ্গে তার কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে ঘটনাস্থলে আসা অর্ণবের চাচা আব্দুস সালামকে মারধর করে ফ্যাসিস্ট ও যুবলীগ ট্যাগ দিয়ে থানায় নেওয়ার চেষ্টা করেন সাগর ও তার অনুসারীরা। যদিও পুলিশ অভিযোগের কোনো সত্যতা না পেয়ে আব্দুস সালামকে ছেড়ে দেয়। এর আগে গত মঙ্গলবার (৬ অক্টোবর) নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনকে হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ওসিকে উদ্দেশ করে মতিউর রহমান সাগরকে বলতে শোনা যায়, বাহার যে পথে গেছে, আপনিও যাবেন সে পথে। ওসিকে হুমকির বিষয়ে নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ জানিয়েছেন, ঘটনাটি দুঃখজনক এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মতিউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
-6ac6390735404.webp)

0 Comments