মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুতের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৭ অক্টোবর) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার কলেজ গেট ও ভাগ্যকূল রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে ভাগ্যকূল রোড এলাকার বড় বাজার স্টোরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে দুই হাজার ২৫০ টাকায় এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে দোকানটির ম্যানেজার মোহাম্মদ জিলানিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কলেজ গেট এলাকার লক্ষ্মী নারায়ণ সুইটমিটে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই ও ছানা প্রস্তুত করা হচ্ছিল। লাড্ডু তৈরিতে মানবদেহের জন্য ক্ষতিকর নন-ফুডগ্রেড রঙ ব্যবহারের পাশাপাশি দোকানে কোনো মূল্য তালিকাও প্রদর্শন করা হয়নি। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মিঠু চন্দ্র বর্মনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়। অভিযানে উপজেলা স্যানিটারি পরিদর্শক নাসরিন সুলতানা এবং শ্রীনগর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
মুন্সিগঞ্জের শ্রীনগরে বেশি দামে এলপি গ্যাস বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
-6ac626503f980.webp)

0 Comments