রাজধানীর গুলশানে কিংফিশার নামের একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে দুই হাজার ৩৫৯ লিটার বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চারটি গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত একটি দল। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই অভিযান শুরু হয়ে প্রায় তিন ঘণ্টা চলে। সোমবার দুপুরে কাকরাইলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ বক্তব্য দেন। এ সময় মূসক ও কর গোয়েন্দা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রেজভী আহম্মেদ জানান, রেস্তোরাঁটির প্রদর্শনী ও গুদামের পাশাপাশি একটি বিলবোর্ডের আড়ালে থাকা গোপন কক্ষ থেকে রেজিস্ট্রারে নথিভুক্ত না থাকা এসব মদ ও বিয়ার উদ্ধার করা হয়। অভিযานের সময় পোষা প্রাণী দিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হয় এবং গোপন কক্ষের চাবি না দিয়ে অসহযোগিতা করা হয়। তবে বাধা না দেওয়ায় কাউকে আটক করা হয়নি এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উচ্চ শুল্ক আরোপযোগ্য পণ্য শুল্ক ফাঁকি দিয়ে সংগ্রহ ও বিক্রির তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। প্রাথমিক হিসাবে জব্দ করা পণ্যের বাজারমূল্য প্রায় ৯১ লাখ ৯৮ হাজার টাকা হলেও প্রযোজ্য শুল্ক ও করসহ এর মোট মূল্য প্রায় চার কোটি দুই লাখ ৮২ হাজার টাকা। প্রতিষ্ঠানটি মদ আমদানিকারক হিসেবে নিবন্ধিত নয় এবং কেনাবেচার কোনো বৈধ চালান বা নথি তারা দেখাতে পারেনি। অভিযানে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। এছাড়া সরকারি সংস্থার সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১) সদস্যরা সহযোগিতা করেন। এসআরবি-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম খান জানান, সরকারি সংস্থার সদস্যদের নিরাপত্তা দিতে তাদের একটি দল অংশ নিয়েছিল। এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
রাজধানীর গুলশানে কিংফিশার রেস্তোরাঁয় এনবিআরের অভিযানে চার কোটি টাকার বেশি মূল্যের অবৈধ বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়েছে। বিলবোর্ডের আড়ালে গোপন কক্ষ তৈরি করে এগুলো বিক্রি করা হচ্ছিল বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর।

0 Comments