জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান এবং চার দিনের নিউইয়র্ক সফরকালে বাংলাদেশের পক্ষ থেকে ৮০টির বেশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, এই সফরের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের সক্রিয় উপস্থিতির বার্তা পৌঁছে গেছে। চার দিনের এই সফরে প্রধানমন্ত্রী ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেন এবং তাঁর প্রতিনিধিদলের সদস্যরা প্রায় ৫০টি পৃথক বৈঠকে যোগ দেন। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাওয়া ও ফিরে আসার দুই দিন বাদ দিলে মাঝের চার দিনে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরের মূলধারার সঙ্গে সম্পর্কিত আটটি অনুষ্ঠান, ছয়টি গুরুত্বপূর্ণ বক্তব্য এবং সাধারণ পরিষদে একটি ভাষণ প্রদান করেন। এছাড়া বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও বেশ কিছু অনানুষ্ঠানিক বৈঠক হয়। মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, থাইল্যান্ড, তুরস্ক, ক্রোয়েশিয়া ও হাইতি—এই ১১টি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। এসব বৈঠকে সমতা, ন্যায্যতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্পর্ক উন্নয়ন, জনশক্তি রপ্তানি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী ছিলেন ৩৫ জন। ভাষণে প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব, গণতান্ত্রিক সরকারের নীতি এবং রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহির পাশাপাশি অর্থনীতি ও রাজনীতি পুনর্গঠনে রিকভারি, রিস্টোরেশন ও রিকনস্ট্রাকশন নীতির কথা তুলে ধরেন। এছাড়া বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচিতে কারিগরি ও আর্থিক সহায়তা নিয়ে আলোচনা হয়। ওয়াল স্ট্রিটের প্রায় ২৫ জন শীর্ষ বিনিয়োগকারীর সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ও আর্থিক খাত সংস্কারের প্রসঙ্গ এবং বোয়িং গ্লোবালের সঙ্গে নতুন উড়োজাহাজ কেনার বিষয়ে ইতিবাচক অগ্রগতির কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। জলবায়ু, স্বাস্থ্য, মিডওয়াইফারি ও রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচটি পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি জলবায়ু মোকাবিলায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা জানানো হয়। জাতিসংঘের মহাসচিব এবং মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে পৃথক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান অংশ নেন এবং সেখানে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে গিয়ে ১১ দেশের শীর্ষ নেতাসহ বিভিন্ন পক্ষের সঙ্গে ৮০টির বেশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


0 Comments