উচ্চশিক্ষায় অসাধারণ মেধা ও কৃতিত্ব প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ এবং ২০২১ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থী। সম্প্রতি গত ৫ অক্টোবর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ জন মেধাবী শিক্ষার্থীর তালিকা প্রকাশ করে। প্রকাশিত তালিকা অনুযায়ী নোবিপ্রবির ২০১৯ শিক্ষাবর্ষের তিনজন, ২০২০ শিক্ষাবর্ষের চারজন এবং ২০২১ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী এই পদকের জন্য নির্বাচিত হয়েছেন। ইউজিসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৯ শিক্ষাবর্ষে স্বর্ণপদকপ্রাপ্তরা হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শুভদ বাবু সেন অমিত, অর্থনীতি বিভাগের নাজমুল হাসান এবং কৃষি বিভাগের বেলায়েত হোসেন। ২০২০ শিক্ষাবর্ষের জন্য মনোনীত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শতাব্দী রায় মুন, অর্থনীতি বিভাগের রাজিয়া সুলতানা, ব্যবসায় প্রশাসন বিভাগের মোসাররা চৌধুরী এবং কৃষি বিভাগের মো. ইশতিয়াক হোসেন জয়। এছাড়া ২০২১ শিক্ষাবর্ষ থেকে একমাত্র শিক্ষার্থী হিসেবে মনোনীত হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের মনজুরা মাওলা মেহেদী। শিক্ষার্থীদের এমন অর্জনে বিশ্ববিদ্যালয়জুড়ে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে এবং শিক্ষক-শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন যে এই স্বীকৃতি তাদের গবেষণা ও ভবিষ্যৎ কর্মজীবনে আরও অনুপ্রাণিত করবে। নীতিমালা অনুযায়ী, নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীকে ২২ ক্যারেট মানের সাড়ে চার গ্রাম স্বর্ণ ও দশ গ্রাম রৌপ্য দিয়ে তৈরি একটি পদক এবং একটি সম্মাননাপত্র দেওয়া হবে। উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর তরুণ গ্র্যাজুয়েটদের শিক্ষা ও গবেষণায় উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে এই স্বর্ণপদক প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
উচ্চশিক্ষায় অসাধারণ কৃতিত্বের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১ এর জন্য মনোনীত হয়েছেন নোবিপ্রবির আট শিক্ষার্থী।


0 Comments