ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় একজন চিহ্নিত মাদক কারবারিকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার পর থেকে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন দুর্জয় রহমান অনিক নামের ২৬ বছর বয়সী এক যুবক। এই ঘটনার জেরে এক পুলিশ সদস্য ও তাঁর প্রবাসী ভাইয়ের বিরুদ্ধে অব্যাহতভাবে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার বিকেলে আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারের মুক্তিযোদ্ধা ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী দুর্জয় রহমান অনিক। লিখিত বক্তব্যে অনিক জানান, সচেতন নাগরিক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। এর অংশ হিসেবে নওয়াপাড়া গ্রামের চিহ্নিত মাদক কারবারি রবি ঘোষকে গ্রেপ্তার করাতে তিনি পুলিশকে সহায়তা করেন। পরবর্তীতে আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় রবি ঘোষকে ৯ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রবি ঘোষ সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকেই তাঁর সঙ্গে জড়িত মাদক সিন্ডিকেটের সদস্যরা অনিক ও তাঁর পরিবারের ওপর চড়াও হয়। অনিকের অভিযোগ, আলফাডাঙ্গা পৌরসভার বাকাইল গ্রামের দরবেশ মিয়ার ছেলে এবং পুলিশে কর্মরত সদস্য মো. রাসেল মিয়া এই মাদক সিন্ডিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন। রবি ঘোষের গ্রেপ্তারের পেছনে অনিকের হাত রয়েছে এমন সন্দেহে পুলিশ সদস্য রাসেল মিয়া তাঁকে প্রকাশ্য দিবালোকে হত্যার হুমকি দিচ্ছেন। এছাড়া রাসেলের ভাই সৌদি প্রবাসী সোহেল মিয়াও বিদেশ থেকে বিভিন্ন মাধ্যমে অনিকের বোনকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন। নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে অনিক ইতোমধ্যে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে তিনি পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনগত শাস্তি দাবি করেন এবং আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। এদিকে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত পুলিশ সদস্য মো. রাসেল মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ প্রসঙ্গে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার জানান, তারা এ বিষয়ে একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন। তদন্ত সম্পন্ন সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
মাদক কারবারিকে পুলিশে ধরিয়ে দেওয়ায় পুলিশ সদস্য ও তাঁর প্রবাসীর ভাইয়ের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন ফরিদপুরের এক যুবক। নিরাপত্তাহীনতায় থাকা ওই যুবক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
-6ac230e952d99.webp)

0 Comments