ব্রিটেনের অর্থনীতি, সংস্কৃতি ও বহুসাংস্কৃতিক পরিচয়ে কারিশিল্পের সাফল্য এবং উদ্যোক্তা-স্পৃহাকে সম্মান জানাতে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ১৭তম কারি লাইফ অ্যাওয়ার্ডস ২০২৬। রেস্তোরাঁ, শেফ ও টেকঅ্যাওয়ে প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের সেরাদের এই আয়োজনে পুরস্কৃত করা হয়। গত ৪ অক্টোবর রোববার সন্ধ্যায় লন্ডনের অভিজাত মেফেয়ার এলাকার পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে কারি লাইফ অ্যাওয়ার্ডসের এই আসর বসে। যুক্তরাজ্যের রেস্তোরাঁশিল্পের সফল উদ্যোক্তাদের পাশাপাশি এতে ব্রিটিশ রাজনীতিক, মন্ত্রী, সংসদ সদস্য, লর্ডসভার সদস্য, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিবিসি’র জনপ্রিয় উপস্থাপক ও সাংবাদিক জন কে এবং লক্ষ্মী গোপাল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ শতাধিক অতিথি এতে অংশ নেন। এ আয়োজনের মূল লক্ষ্য ছিল যুক্তরাজ্যের বিশাল রেস্তোরাঁশিল্পে বাংলাদেশি উদ্যোক্তাদের অবদান তুলে ধরা, তাঁদের অর্জন উদ্যাপন করা এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা। এ বছরের আয়োজনে চারটি প্রধান বিভাগে মোট ৪১টি পুরস্কার দেওয়া হয়। বিভাগগুলো হলো এডিটরস চয়েস, বেস্ট রেস্টুরেন্ট, বেস্ট শেফ এবং বেস্ট টেকঅ্যাওয়ে। হাজারো গ্রাহকের ভোটের পাশাপাশি বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত তালিকা ও বিজয়ীদের নির্বাচন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রেন্ট ইস্টের সংসদ সদস্য ডন বাটলার। এ ছাড়াও ওয়েমাউথের এমপি লয়েড হ্যাটন, টনটনের এমপি গিডিয়ন অ্যামোস ওবিই, লেস্টারের এমপি শওকত আদম এবং রুশনারা আলী এমপি অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লর্ড করণ বিলিমোরিয়া সিবিই। তিনি কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি, কোবরা বিয়ারের প্রতিষ্ঠাতা এবং কারি লাইফ অ্যাওয়ার্ডসের দীর্ঘদিনের সমর্থক। কারি লাইফ ম্যাগাজিনের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা এবং সম্পাদক সৈয়দ বেলাল আহমেদ অনুষ্ঠানে বক্তব্য দেন। এ ছাড়া অনুষ্ঠানের শুরুতে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালেদিকে, যিনি সম্প্রতি লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। কারি লাইফ মিডিয়া গ্রুপ আয়োজিত এবারের অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিল কোবরা বিয়ার, ওয়ার্ক পারমিট ক্লাউড, মিলগো এবং হিলসাইড ট্রাভেলস। চার বিলিয়ন পাউন্ডের ব্রিটিশ কারিশিল্পের বাজারমূল্যে বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তাদের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য বলে আয়োজকেরা উল্লেখ করেন।
লন্ডনের পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হলো ১৭তম কারি লাইফ অ্যাওয়ার্ডস ২০২৬। ব্রিটিশ কারিশিল্প ও রেস্তোরাঁ খাতে অবদানের জন্য চার বিভাগে ৪১টি পুরস্কার প্রদান করা হয়েছে।


0 Comments