কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী এলাকায় নলকূপ স্থাপনের সময় মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন লাগার ঘটনায় জননিরাপত্তা নিশ্চিত করতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সম্ভাব্য বিস্ফোরণ ও ঝুঁকি এড়াতে ঘটনাস্থলের চারপাশের ২০০ মিটার এলাকার মধ্যে সাধারণ মানুষের প্রবেশ এবং অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তারের স্বাক্ষর করা আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। প্রশাসনের নির্দেশনায় জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত ওই এলাকায় জনসাধারণের যাতায়াতের পাশাপাশি আগুন জ্বালানো, ধূমপান করা এবং দিয়াশলাই কিংবা লাইটার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া গ্যাসের সংস্পর্শে কোনো ধরনের অগ্নিকাণ্ড বা বিস্ফোরণ ঘটাতে পারে এমন সব কার্যক্রম থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী ছোট খাল ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বাড়িতে নলকূপ বসানোর কাজ চলকালে মাটির প্রায় এক হাজার ফুট গভীরে পাইপ পৌঁছানোর পর গ্যাস বের হয়ে আগুন ধরে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট প্রশাসনের তত্ত্বাবধানে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে প্রাকৃতিক গ্যাসের মজুত পাওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের একটি কারিগরি দল সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সভায় আগুনের উৎস ও আশপাশের এলাকাকে কয়েকটি নিরাপত্তা জোনে বিভক্ত করে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় ঘটনাস্থলের ২০০ মিটার পরিধিতে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হলো। এর আগে বাপেক্সের প্রাথমিক পর্যবেক্ষণে ওই এলাকায় উচ্চমাত্রার হাইড্রোকার্বনের উপস্থিতি এবং গ্যাসের সঙ্গে কনডেনসেটের আলামত পাওয়ার তথ্য জানানো হয়। এর ফলে ইনানীর ভূগর্ভে প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে কি না, তা নিয়ে নতুন করে কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে। তবে গ্যাসের প্রকৃতি ও প্রকৃত মজুত সম্পর্কে নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। গ্যাস নির্গমন ও আগুনের উৎসস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করা হলেও সার্বিক পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়ে ওঠেনি। এই অবস্থায় স্থানীয় বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে সতর্কতা জারি করেছে প্রশাসন।
উখিয়ার ইনানীতে নলকূপ বসানোর সময় গ্যাস নির্গত হয়ে আগুন লাগার ঘটনায় ২০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।


0 Comments