আসছে আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর। এই সফরকে কেন্দ্র করে নতুন রূপ পাচ্ছে উত্তরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ নগরী। শহরের বিভিন্ন সড়কে চলছে সংস্কার কাজ, বিভাজকে নতুন রঙের প্রলেপ এবং পরিচ্ছন্নতার নানা আয়োজন। রোববার সকালে নগরীর বিমান চত্বর এলাকায় দেখা যায়, শিল্পীরা তুলির আঁচড়ে বিভিন্ন স্থাপনা রাঙিয়ে তুলছেন এবং পরিচ্ছন্নতাকর্মীরা নগরীকে দৃষ্টিনন্দন করতে ব্যস্ত সময় পার করছেন। রংশিল্পী আমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী রাজশাহীতে আসছেন বলে তাকে স্বাগত জানাতে নগরীকে মনের মাধুরী মিশিয়ে রাঙিয়ে তোলা হচ্ছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ জোরদার করা হয়েছে। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম রাজশাহী সফর এবং তাকে বরণ করতে রাজশাহীবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। রাজশাহীতে ইতিহাসের সর্ববৃহৎ সমাবেশ আয়োজনের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন। রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন আশা প্রকাশ করেন যে, এই সফরের মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের নতুন সম্ভাবনা উন্মোচিত হবে। এছাড়া রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানান, প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব প্রস্তুতি দ্রুত গতিতে এগিয়ে চলছে। এখন শুধু আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার অপেক্ষা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২০ অক্টোবরের রাজশাহী সফর ঘিরে সেজে উঠছে নগরী। চলছে ব্যাপক প্রস্তুতি।


0 Comments