ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

দেনমোহর পেতে তালাক বা মৃত্যুর অপেক্ষা নয়, তাৎক্ষণিক পরিশোধের নির্দেশ হাইকোর্টের

দেনমোহর পেতে তালাক বা মৃত্যুর অপেক্ষা নয়, তাৎক্ষণিক পরিশোধের নির্দেশ হাইকোর্টের

স্ত্রীকে দেনমোহর পাওয়ার জন্য তালাক বা স্বামীর মৃত্যুর আগপর্যন্ত অপেক্ষা করতে হবে না বলে একটি সিভিল রিভিশন মামলার পূর্ণাঙ্গ রায়ে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আবদুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ গত ৩ সেপ্টেম্বর এই রায় ঘোষণা করেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। মামলাটিতে ইয়াকুব আলী বনাম সানজিদা নাসরিন পক্ষ ছিলেন। ২০১৪ সালের ২৯ ডিসেম্বর বাদী ও বিবাদীর বিয়ে হয় এবং দেনমোহর ২২ লাখ টাকা নির্ধারিত হয়। পরে দাম্পত্য কলহের জেরে বিয়েবিচ্ছেদ ঘটে। স্ত্রীর অভিযোগ, স্বামী যৌতুক দাবি করেন এবং ২০১৭ সালের পর থেকে মেয়ের ভরণপোষণও দেননি। এরপর স্ত্রী দেনমোহর, ইদ্দতকালীন ভরণপোষণ এবং মেয়ের বকেয়া ভরণপোষণ আদায়ে চট্টগ্রামের পারিবারিক আদালতে মামলা করেন। ২০২২ সালের ৫ মে একতরফা ডিক্রিতে দেনমোহর বাবদ ১৮ লাখ টাকা, ইদ্দতকালীন ভরণপোষণ ৩০ হাজার টাকা এবং মেয়ের অতীতের ভরণপোষণ বাবদ ২ লাখ ১০ হাজার টাকাসহ মোট ২০ লাখ ৪০ হাজার টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়। এছাড়া অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে না হওয়া পর্যন্ত প্রতি মাসে ৭ হাজার টাকা ভরণপোষণ এবং প্রতি বছর তা ১০ শতাংশ হারে বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। ডিক্রি কার্যকরের জন্য স্ত্রী এক্সিকিউশন মামলা করলে স্বামী একতরফা ডিক্রি বাতিলের আবেদন করে জামিন নেন এবং পরে আপিল করেন। চট্টগ্রামের অতিরিক্ত জেলা জজের পঞ্চম আদালত ২০২৪ সালের ১৯ আগস্ট আপিল খারিজ করে পারিবারিক আদালতের রায় বহাল রাখেন। এরপর স্বামী হাইকোর্টে রিভিশন আবেদন করেন। শুনানিতে স্বামীর পক্ষ থেকে জানানো হয়, তিনি সমন পাননি এবং ব্যবসা হারিয়ে আর্থিক সংকটে থাকায় বাকি অর্থ একসঙ্গে দেওয়া সম্ভব নয়, তাই কিস্তির সুযোগ চাওয়া হয়। অন্যদিকে স্ত্রীর পক্ষের আইনজীবী জানান, নিম্ন আদালত যথাযথভাবে মূল্যায়ন করেই সিদ্ধান্ত দিয়েছেন এবং স্বামীর আর্থিক অক্ষমতার দাবি বিশ্বাসযোগ্য নয়। রায়ে হাইকোর্ট বলেন, তাৎক্ষণিক দেনমোহর স্বামীর ওপর স্ত্রীর পাওনা এবং তা অবিলম্বে পরিশোধ করতে হবে। আর্থিক অক্ষমতার অজুহাতে স্বামী দেনমোহর পরিশোধের দায় থেকে অব্যাহতি পেতে পারেন না। তবে প্রকৃত আর্থিক সংকট প্রমাণিত হলে ডিক্রিধারী স্ত্রী ও সন্তানের অধিকার সুরক্ষিত রেখে পাওনা অর্থ কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়া যেতে পারে। আদালত আরও জানান, দেনমোহর কোনো ঐচ্ছিক উপহার নয়, এটি স্ত্রীর স্বতন্ত্র আর্থিক অধিকার। স্বামী চাইলে নিজে থেকে তা মওকুফ করা যায় না, কেবল স্ত্রী স্বাধীন ও সচেতনভাবে তা মওকুফ করতে পারেন। এছাড়া মেয়ের ভরণপোষণসংক্রান্ত নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রেখে আদালত স্বামীর রিভিশন আবেদন খারিজ করে দেন। ফলে ২০ লাখ টাকার ডিক্রি ও দায় বহাল থাকে।

সংক্ষেপে:
দেনমোহর পাওয়ার জন্য তালাক বা স্বামীর মৃত্যুর অপেক্ষা করতে হবে না বলে এক রায়ে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, আর্থিক অক্ষমতার অজুহাতে স্বামী দেনমোহর পরিশোধের দায় থেকে অব্যাহতি পেতে পারেন না।
দেনমোহর পেতে তালাক বা মৃত্যুর অপেক্ষা নয়, তাৎক্ষণিক পরিশোধের নির্দেশ হাইকোর্টের

0 Comments