রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়াম বহনকারী বিমান বাংলাদেশে এসে পৌঁছেছে। রাশিয়া থেকে রওনা হয়ে বিভিন্ন দেশ ও ভারত হয়ে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে জ্বালানিবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রতিনিধিরা চালানটি গ্রহণের পর কঠোর নিরাপত্তার মাধ্যমে রাতেই তা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়। এর আগে শুক্রবার বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম গণমাধ্যমকে জানান, বিমানটি ঢাকায় পৌঁছানোর পর ইউরেনিয়াম রূপপুরে স্থানান্তরের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় তা গন্তব্যে পৌঁছাবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে মোট নয়টি ফ্লাইটের মাধ্যমে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি দেশে আসবে। এসব চালান রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারতের আকাশপথ হয়ে বাংলাদেশে আসার কথা রয়েছে। এর আগে ২০২৩ সালে প্রথম ইউনিটের জ্বালানি দেশে আসার পর চলতি বছরের মে মাসে তা পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়। অন্যদিকে, রূপপুর প্রকল্পের স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের প্রথম দুটি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলেও তৃতীয়টির ক্ষেত্রে আশানুরূপ ফলাফল পাওয়া যায়নি। এই বিষয়ে প্রকল্প পরিচালক ড. কবির হোসেন জানান, তৃতীয় ভালভটি পুনরায় পরীক্ষার প্রস্তুতি চলছে এবং এটি বড় কোনো জটিলতা নয়। মূল বিষয়টি ইতোমধ্যে সমাধান হওয়ায় এটিও দ্রুত ঠিক করা সম্ভব হবে বলে জানান তিনি। সংশ্লিষ্টদের মতে, এই ধাপগুলো সফলভাবে শেষ হওয়ার মাধ্যমে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া আরও একধাপ এগিয়ে যাবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামবাহী বিমান ঢাকায় পৌঁছেছে। সেনাবাহিনীর নিরাপত্তায় তা রূপপুরে নেওয়া হচ্ছে।


0 Comments