দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের উদ্দেশ্যে জাপান সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সকালে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপান সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো, প্রযুক্তি এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশের বিভিন্ন খাতে প্রায় এক ট্রিলিয়ন জাপানি ইয়েন বেসরকারি বিনিয়োগের প্রস্তাব এবং ছয়টি দ্বিপক্ষীয় সমঝোতা দলিল স্বাক্ষরিত হয়। পাশাপাশি প্রায় ৪৬.৫৬ বিলিয়ন জাপানি ইয়েনের দুটি ইয়েন-লোন প্রকল্পের প্রতিশ্রুতি পাওয়া গেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, সরকারি চুক্তির পাশাপাশি বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী জাপানি ব্যবসায়ী নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন এবং দেশটির বিভিন্ন শিল্প ও লজিস্টিকস স্থাপনা পরিদর্শন করেন। দীর্ঘকাল ধরে জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে।
জাপানে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।


0 Comments