কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে আটক শিক্ষক গোলাম কিবরিয়াকে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাতে ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও তাঁর উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশেই ওই শিক্ষককে সসম্মানে ছেড়ে দেওয়া হয়েছে। শিক্ষক গোলাম কিবরিয়া দৌলতপুর উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক। বুধবার বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছিল। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান সে সময় জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে তাঁকে আটক করা হয়। মাহদী আমিন তাঁর ফেসবুক পোস্টে লেখেন, শিক্ষককে আটকের খবর পেয়ে প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন এবং সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন শিক্ষককে সসম্মানে মুক্তি দিয়ে নিরাপদে তাঁর বাসায় পৌঁছে দিতে। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে তাঁকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। পোস্টে আরও উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী মনে করেন মতের ভিন্নতা থাকতেই পারে এবং সবার মতপ্রকাশের অধিকারকে সম্মান করা উচিত। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে দশম শ্রেণির বাংলা ক্লাস চলাকালীন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বাংলা ভাষণের প্রসঙ্গ তুলে তাঁর বাংলা উচ্চারণ নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিষয়টি বাইরে জানালে বুধবার সকালে অভিভাবক ও স্থানীয়রা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে শাস্তির দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষক গোলাম কিবরিয়াকে আটক করে। আটকের পূর্বে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান জানান, সকালে পরিচালনা কমিটির উপস্থিতিতে শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি দাবি করেন, প্রবাসজীবনে থাকার কারণে প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণে কিছু অস্পষ্টতা তৈরি হয়েছে—তিনি এমন মন্তব্যই করেছিলেন। দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, রাত পৌনে ১২টার দিকে ওই শিক্ষককে সসম্মানে গাড়িতে করে তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
কুষ্টিয়ায় শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে আটক শিক্ষক গোলাম কিবরিয়াকে প্রধানমন্ত্রীর নির্দেশে সসম্মানে ছেড়ে দেওয়া হয়েছে।


0 Comments