বাংলাদেশের পর্যটন এবং আতিথেয়তা খাতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, দেশের পর্যটন সম্ভাবনাকে পরিকল্পিত, টেকসই এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তর করতে দেশি ও বিদেশি বিনিয়োগ উৎসাহিত করা হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বৈঠকের বিস্তারিত জানানো হয়। এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর। সুন্দরবন, কক্সবাজার, চট্টগ্রামের পাহাড় ও হ্রদ এবং সিলেটের চা-বাগানের পাশাপাশি দেশের প্রায় প্রতিটি অঞ্চলেরই নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। এসব বিচ্ছিন্ন সম্ভাবনাকে একটি সুপরিকল্পিত পর্যটন শিল্পে রূপান্তর করা সরকারের লক্ষ্য। মন্ত্রী উল্লেখ করেন, পর্যটন খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বিনিয়োগের পরিবেশ সহজ করতে সরকার কাজ করছে। অর্থনৈতিক বহুমুখীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির অংশ হিসেবে বেসরকারি বিনিয়োগের সুযোগ আরও বাড়ানো হচ্ছে। পর্যটনের উন্নয়নের সঙ্গে বিমান চলাচল খাতের গভীর সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য বোয়িং ও এয়ারবাসের সমন্বয়ে একটি টেকসই উড়োজাহাজ বহর গঠনের কাজ চলছে। এ সময় ২০১৭ সালের জুন থেকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পণ্য ও ডাককে উচ্চ ঝুঁকির পণ্য হিসেবে চিহ্নিত করার বিষয়টি তুলে ধরেন মন্ত্রী। ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ মোকাবিলায় বাংলাদেশ কাজ করছে জানিয়ে তিনি এ বিষয়ে ব্রিটিশ হাইকমিশনের সহযোগিতা কামনা করেন। তিনি জানান, গত ১৭ জুলাই যুক্তরাজ্যের পরিবহন বিভাগের মূল্যায়নে নিরাপত্তার ক্ষেত্রে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ৯৮ শতাংশ এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৯৪ শতাংশ স্কোর অর্জন করেছে। তাই সংশ্লিষ্ট বিধিনিষেধ দ্রুত প্রত্যাহারের লক্ষ্যে ব্রিটিশ হাইকমিশনের সমর্থন প্রত্যাশা করেন তিনি। যুক্তরাজ্যকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু আখ্যা দিয়ে বিমানমন্ত্রী বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে যুক্তরাজ্যের জনগণ পাশে ছিল এবং পর্যটন খাতের বিকাশেও দেশটির সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, স্পেন ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা ছাড়াও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।


0 Comments