উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় প্রথমবারের মতো কোনো নারী সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। দেশটির বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ নতুন প্রধানমন্ত্রী হিসেবে ফাতিমা এজ্জাহরা এল মানসুরিকে নিয়োগ প্রদান করেছেন। সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্য অনুযায়ী, সম্প্রতি অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে মধ্যপন্থী রাজনৈতিক দল ‘অথেন্টিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি’ (পিএএম) সর্বাধিক আসনে জয়লাভ করার পর বাদশাহ তাকে সরকার গঠনের এই দায়িত্ব অর্পণ করেন। গত মঙ্গলবার রাজপ্রাসাদের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে তার নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। এর মাধ্যমে তিউনিসিয়ার নাজলা বুদেনের পর আরব বিশ্বের ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি আত্মপ্রকাশ করলেন। ৫০ বছর বয়সী ফাতিমা এজ্জাহরা মানসুরি এর আগে বিখ্যাত পর্যটন শহর মারাকেশের মেয়র এবং জাতীয় সরকারের নগর পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর এক টেলিভিশন বার্তায় তিনি এটিকে মরক্কোর সমগ্র নারীসমাজের জন্য একটি বড় অর্জনের দিন হিসেবে অভিহিত করেন। পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৩৯৫টি আসনের মধ্যে তার দল ৯৭টিতে জয়ী হয়েছে। তবে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৯৮টি আসনের কোটা পূরণ না হওয়ায় তাকে অন্যান্য সমমনা দলের সঙ্গে জোট গঠনের উদ্দেশ্যে আলোচনা চালাতে হচ্ছে। পিএএম দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা সব দলের সঙ্গেই আলোচনার পথ খোলা রেখেছে। পর্তুগাল ও স্পেনের পাশাপাশি মরক্কো ২০৩০ সালের ফিফা বিশ্বকাপের অন্যতম সহ-আয়োজক হওয়ায় নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত হতে যাওয়া জোট সরকারের কাঁধে বিলিয়ন ডলারের উন্নয়ন বাজেট ও বিশ্বকাপ অবকাঠামো নির্মাণের বিশাল দায়িত্ব থাকবে। ১৯৭৬ সালে মারাকেশে জন্ম নেওয়া মানসুরি পেশায় একজন আইনজীবী এবং তিনি ফ্রান্সের মন্টপেলিয়ের বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। ২০০৯ সালে মাত্র ৩৩ বছর বয়সে মারাকেশের প্রথম নারী মেয়র নির্বাচিত হওয়ার মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা ঘটে। পরবর্তীতে ২০২১ সালে পুনরায় মেয়র নির্বাচিত হওয়ার পাশাপাশি তিনি একই বছর জাতীয় সরকারের নগর উন্নয়ন ও আবাসনমন্ত্রীর দায়িত্ব পান এবং বিশেষ করে ২০২৩ সালের ভয়াবহ ভূমিকম্প-পরবর্তী পুনর্বাসন কর্মসূচি ও আবাসন সহায়তা সফলভাবে তদারকি করে জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান পোক্ত করেন।
মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতিমা এজ্জাহরা এল মানসুরি। রাজপ্রাসাদের বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


0 Comments