কক্সবাজারের সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ২ লাখ ৯৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পরিচালিত এসব অভিযানে ইয়াবা পাচারে ব্যবহৃত একটি পর্যটকবাহী চাঁন্দের গাড়ি ও একটি নৌকা জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উখিয়ার আঞ্জুমানপাড়া সীমান্তবর্তী ফাইসা খাল এলাকায় অভিযান চালায় পালংখালী বিওপির একটি টহলদল। সেখান থেকে জেলের ছদ্মবেশে থাকা মোঃ ইমরান নামের এক ব্যক্তিকে ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। এর আগে খারাংখালী বিওপির সদস্যরা বিএসপি পোস্ট এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
অন্য একটি অভিযানে পূর্ব ক্যারেঙ্গাঘোনা এলাকায় বিজিবির চ্যালেঞ্জের মুখে এক পাচারকারী নৌকা ফেলে পালিয়ে যায়। পরে ওই নৌকার পাটাতনের নিচ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার ও নৌকাটি জব্দ করা হয়। এছাড়া শীলখালী চেকপোস্টে বিজিবির স্নাইপার ডগ হেনরির সহায়তায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি চাঁন্দের গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির স্টিয়ারিংয়ের নিচে লুকানো ৪ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ চালক মোঃ ওমর ফারুককে আটক ও গাড়িটি জব্দ করা হয়।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, সীমান্ত দিয়ে মাদক ও যেকোনো ধরনের অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
কক্সবাজার সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ৯৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে। অভিযানে একটি পর্যটকবাহী গাড়ি ও নৌকা জব্দ করা হয়। মাদক পাচার রোধে সীমান্তে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে।


0 Comments