কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে নৌকাডুবির ঘটনার একদিন পর শাহপরীর দ্বীপ উপকূল থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) বিকেল পাঁচটার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার হাজীপাড়া বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় জোয়ারের পানিতে মরদেহটি ভেসে আসে।
স্থানীয় বাসিন্দারা বেড়িবাঁধের ব্লকের মধ্যে কাপড়বিহীন এক যুবকের মরদেহ আটকে থাকতে দেখে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করেন। পুলিশের প্রাথমিক ধারণা, গত শুক্রবার ভোরে শাহপরীর দ্বীপ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের মধ্যে তিনি একজন হতে পারেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সনজীব জানান, উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৩২ বছর এবং তার মুখে দাড়ি রয়েছে। মরদেহের শরীরে প্রাথমিকভাবে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জোয়ারের পানিতে ভেসে আসা মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।
টেকনাফের নাফ নদীতে নৌকাডুবির ঘটনার পর শাহপরীর দ্বীপ উপকূল থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে জোয়ারের পানিতে মরদেহটি ভেসে আসে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


0 Comments