ভারতের জনপ্রিয় টেলিভিশন সঞ্চালক ও অভিনেত্রী মিনি মাথুর জানিয়েছেন, দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করায় ‘ইন্ডিয়ান আইডল’-এর পঞ্চম মৌসুমের সঞ্চালকের দায়িত্ব হারিয়েছিলেন তিনি। সম্প্রতি ‘হটারফ্রাই’-এর ‘দ্য মেল ফেমিনিস্ট’ অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে এই তথ্য জানান তিনি। মিনি জানান, চতুর্থ মৌসুম শেষ হওয়ার পর তিনি দ্বিতীয় সন্তানের মা হতে যাওয়ার বিষয়টি জানতে পারেন। পঞ্চম মৌসুমের প্রস্তুতির সময় তিনি আয়োজকদের নিজের গর্ভাবস্থার কথা জানালে তাকে সঞ্চালকের ভূমিকা থেকে সরিয়ে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল যে, ভারতীয় দর্শকরা একজন গর্ভবতী সঞ্চালককে পর্দায় মেনে নেবেন না। এই সিদ্ধান্তে তিনি ভীষণ হতাশ হয়েছিলেন। পরবর্তীতে ষষ্ঠ মৌসুমে তাকে পুনরায় ফেরার প্রস্তাব দেওয়া হলেও তিনি আর আগ্রহ দেখাননি। টেলিভিশনে দীর্ঘ ক্যারিয়ারে ‘ইন্ডিয়ান আইডল’ মিনির অন্যতম পরিচিত কাজ। এছাড়া তিনি এমটিভির ভিডিও জকি হিসেবেও জনপ্রিয়তা পান। ব্যক্তিগত জীবনে পরিচালক কবির খানের সঙ্গে মিনির দাম্পত্যের বয়স ২৮ বছর। তাদের প্রথম পরিচয়ও হয়েছিল কাজের সূত্রে। একটি অনুষ্ঠানের শুটিংয়ে মিনি ছিলেন উপস্থাপক এবং কবির ছিলেন ফ্রিল্যান্স ক্যামেরাপারসন। সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু হয়।
গর্ভাবস্থার কারণে ইন্ডিয়ান আইডলের সঞ্চালনা থেকে বাদ পড়ার তিক্ত অভিজ্ঞতা শেয়ার করলেন মিনি মাথুর। দর্শকদের অগ্রহণযোগ্যতার অজুহাতে তাকে বাদ দেওয়া হলেও পরে ফিরে আসার প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।


0 Comments