দক্ষ বিদেশি কর্মীদের জন্য এইচ-১বি ভিসার ফি ১ লাখ ডলারের বেশি করার নজিরবিহীন প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। সোমবার এক প্রস্তাবিত বিধিমালায় এই নতুন ফি কার্যকরের প্রবিধান প্রকাশ করা হয়েছে। গত বছর একই ধরনের ফি আরোপের চেষ্টা করা হলেও আদালতের নির্দেশে তা স্থগিত হয়ে গিয়েছিল। ট্রাম্প প্রশাসনের নতুন এই বিধিমালা অনুযায়ী, এইচ-১বি ভিসার জন্য ১ লাখ ৩ হাজার ২৬৫ ডলার ফি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে, যা আগে সাধারণত ২ হাজার থেকে ৫ হাজার ডলারের মধ্যে ছিল।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই নিয়মটি স্থায়ী করার লক্ষ্যে কাজ করছে। এই প্রস্তাবের ফলে প্রযুক্তি, শিক্ষা ও গবেষণা খাতে ব্যবহৃত ভিসার ব্যয় বহুগুণ বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন এবং এই কর্মসূচির সমালোচকদের দাবি, অনেক মার্কিন প্রতিষ্ঠান কম বেতনের বিদেশি কর্মী নিয়োগ দিয়ে স্থানীয় আমেরিকানদের কর্মসংস্থান নষ্ট করছে। তবে ব্যবসায়ী সংগঠনগুলো বলছে, বিশেষায়িত পদের জন্য বৈশ্বিক মেধা আকর্ষণ করতে এই ভিসা জরুরি।
এদিকে ইউএস চেম্বার অব কমার্সসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও ডেমোক্র্যাট-শাসিত অঙ্গরাজ্যগুলো এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালাচ্ছে। তাদের অভিযোগ, কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়া হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এভাবে বড় অংকের ফি বা কর আরোপ করতে পারে না। গত জুন মাসে একজন মার্কিন বিচারক এই ফি-কে বেআইনি ঘোষণা করেছিলেন, যা বর্তমানে আপিল আদালতে পর্যালোচনায় রয়েছে।
ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির প্রভাবে ইতোমধ্যে এইচ-১বি ভিসার আবেদনে বড় ধস নেমেছে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগের তথ্য অনুযায়ী, গত বছর প্রায় ৩ লাখ ৪৪ হাজার আবেদন জমা পড়েছে, যা ২০২৩ সালের তুলনায় অর্ধেকেরও কম। এছাড়া উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের অগ্রাধিকার দেওয়া এবং ব্যাকগ্রাউন্ড যাচাইয়ে কড়াকড়ি আরোপের নতুন ব্যবস্থার প্রস্তাবও করেছে প্রশাসন।
দক্ষ বিদেশি কর্মীদের এইচ-১বি ভিসার ফি ১ লাখ ডলারের বেশি করার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। আদালতের স্থগিতাদেশের পর নতুন বিধিমালায় এই নজিরবিহীন ফি কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে।


0 Comments