কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে ৯ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে আমান উল্লাহ (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত ব্যক্তি এলাকা থেকে লাপাত্তা রয়েছেন বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে খুনিয়াপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মির্জা আলী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আমান উল্লাহ ওই এলাকার জাবের আহাম্মদের ছেলে।
শিশুটির পরিবারের ভাষ্য, শুক্রবার শিশুটি তার নানার বাড়িতে বেড়াতে যায়। দোকান থেকে নাস্তা কিনে বাড়ি ফেরার পথে তাকে ফুসলিয়ে পাশের মাছ চাষের একটি ছোট ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে বলাৎকার করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। এ সময় শিশুটি চিৎকার করলে তাকে মেরে ফেলার ভয় দেখানো হয় বলেও তারা দাবি করেন। পরে তাকে ৩০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
পরিবার জানায়, আহত অবস্থায় বাড়ি ফিরে শিশুটি স্বজনদের কাছে ঘটনার বিস্তারিত জানায়। পরে রক্তক্ষরণ অবস্থায় তাকে রামু উপজেলা স্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও পাঁচ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছিল। তবে ওই সময় বিষয়টি টাকার বিনিময়ে মীমাংসা করা হয়েছিল বলে স্থানীয়দের ভাষ্য। তাদের দাবি, ৫০ বছর বয়সী ওই ব্যক্তি এখনো অবিবাহিত এবং এর আগেও এমন ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, সর্বশেষ ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর স্থানীয় মেম্বারের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত পরিবার রামু থানায় মামলা করেছে।
পরিবার অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে তাকে গ্রেপ্তারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্বজনরা।
এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, খুনিয়াপালং এলাকায় শিশুকে বলাৎকারের অভিযোগে ভুক্তভোগী পরিবার রামু থানায় একটি এজাহার দিয়েছে। ঘটনাটি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ওসি আরও জানান, এ ধরনের অপরাধ স্থানীয়ভাবে সালিশ-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তির কোনো সুযোগ নেই। এ ঘটনায় কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
রামুর খুনিয়াপালংয়ে ৯ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে আমান উল্লাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন, আর অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর থেকে পলাতক বলে জানিয়েছে পরিবার।


0 Comments