গাইবান্ধার গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য ভালোবাসার উপহার হিসেবে নিজের লেখা বই পাঠিয়েছেন প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। তিনি প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি করে বই এবং স্কুল লাইব্রেরির জন্য তার রচিত বইয়ের একটি পূর্ণাঙ্গ সেট প্রদান করেছেন।
শনিবার (৮ আগস্ট) সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত দৈনিক কালের কণ্ঠের ‘শুভসংঘ’ কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই বইগুলো হস্তান্তর করা হয়। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন আনুষ্ঠানিকভাবে গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম. আবদুস সালামের হাতে উপহারের বইগুলো তুলে দেন।
বই হস্তান্তরের সময় ইমদাদুল হক মিলন বলেন, বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, মননশীলতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে। এই উপহার শিক্ষার্থীদের মাঝে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই মহতী উদ্যোগের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে এম. আবদুস সালাম বলেন, শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই তুলে দেওয়ার অর্থ হলো তাদের সামনে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করা। লেখকের এই অনন্য উপহার শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় আরও বেশি অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
গাইবান্ধার গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের নিজের লেখা বই উপহার দিয়েছেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। জ্ঞানচর্চায় উৎসাহিত করতে এই অনন্য উদ্যোগ নেওয়া হয়েছে।


0 Comments