চট্টগ্রামের লোহাগাড়ায় ৫৪টি ৫০০ টাকার জাল নোটসহ শাহ আলম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার শাহ আলম ওই ইউনিয়নের পূর্ব হাজারবিঘা এলাকার ফেরদৌস আহমদের ছেলে। পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে শাহ আলমকে একটি কক্ষে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে ওই কক্ষে তল্লাশি চালিয়ে ২৭ হাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়। লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক জানান, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও হাতাহাতির ঘটনায় শাহ আলমের স্ত্রী জান্নাত আরা বেগম পুলিশকে খবর দেন। স্ত্রীর অভিযোগ, শাহ আলম তাকে জাল নোটের ব্যবসায় যুক্ত হওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, শাহ আলমের বিরুদ্ধে আগে থেকেই জাল নোট সংক্রান্ত দুটি মামলা রয়েছে এবং তিনি বর্তমানে জামিনে ছিলেন। জাল নোট সরবরাহ ও লেনদেনের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে নতুন মামলা দায়েরের পর মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
চট্টগ্রামের লোহাগাড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর ফোন পেয়ে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় ২৭ হাজার টাকার জাল নোটসহ শাহ আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে আগেও জাল নোটের মামলা রয়েছে।


0 Comments