টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক এ কে ফজলুল হক মিয়া দীর্ঘ ৩০ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে গিয়েছেন। সোমবার (২৪ আগস্ট) তাঁর বিদায় উপলক্ষে কলেজে এক আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকর্মী ও শিক্ষার্থীদের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়ে এ সময় তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন।
কলেজের অধ্যক্ষ এম এ রউফের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা বিদায়ী শিক্ষকের বর্ণাঢ্য কর্মজীবন ও তাঁর অবদানের কথা স্মরণ করে বক্তব্য দেন। সহকর্মী ও শিক্ষার্থীরা তাঁকে ফুল, সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহারের মাধ্যমে শ্রদ্ধা জানান।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এ কে ফজলুল হক মিয়া বলেন, বিদায় বেলায় সবার কাছ থেকে পাওয়া এই সম্মান ও ভালোবাসা তাঁর প্রত্যাশার বাইরে ছিল। এমন বিদায়ের মুহূর্ত তিনি সারাজীবন মনে রাখবেন বলে জানান।
অনুষ্ঠান শেষে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। ফুল দিয়ে সাজানো একটি প্রাইভেট কারে করে তাঁকে সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসায় নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী সালেহা বেগম ও দুই কন্যা। বিদায়ী এই শিক্ষককে সম্মান জানাতে প্রায় ৪০টি মোটরসাইকেলের একটি বহর নিয়ে শোভাযাত্রা সহকারে তাঁকে পৌঁছে দেন সহকর্মী ও শিক্ষার্থীরা।
৩০ বছরের শিক্ষকতা জীবন শেষে টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যাপক এ কে ফজলুল হক মিয়াকে রাজকীয় বিদায় জানানো হয়েছে। মোটরসাইকেল বহর ও সুসজ্জিত গাড়িতে তাঁকে পৌঁছে দেওয়া হয় নিজ বাড়িতে।


0 Comments