সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। এই অর্জনের মাধ্যমে তিনি বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। একই প্রতিযোগিতার ৩০ পারা হিফজ বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছেন আরেক বাংলাদেশি প্রতিযোগী হাফেজ মাহমুদুল হাসান আশরাফী।
গত বুধবার (১৯ আগস্ট) পবিত্র মসজিদুল হারামে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী হাফেজ নুরুদ্দিন জাকারিয়া বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে হিফজ বিভাগে এই গৌরবময় সাফল্য অর্জন করেন।
আয়োজক কর্তৃপক্ষের তথ্যমতে, এবারের আসরে বিশ্বের ১৩৩টি দেশ থেকে মোট ৩৩৪ জন হাফেজ অংশ নিয়েছিলেন, যা প্রতিযোগিতার ৪৬ বছরের ইতিহাসে সর্বোচ্চ অংশগ্রহণের রেকর্ড। পবিত্র কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসিরভিত্তিক এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো তরুণদের কোরআন চর্চায় উৎসাহিত করা এবং হাফেজদের মেধার মূল্যায়ন করা।
এবারের আসরে প্রথমবারের মতো নারী প্রতিযোগীদের জন্য আলাদা বিভাগের ব্যবস্থা করা হয়েছিল। পাঁচটি ভিন্ন বিভাগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার মোট পুরস্কারের পরিমাণ ছিল ১ কোটি ২ লাখ ৬০ হাজার সৌদি রিয়াল, যা এই আয়োজনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট।
সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা হয়েছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। ১৩৩টি দেশের প্রতিযোগীদের হারিয়ে তিনি প্রথম স্থান অর্জন করেন।


0 Comments