কক্সবাজারের চকরিয়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার ৪০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে জাপানভিত্তিক দাতা সংস্থা কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে দেশীয় উন্নয়ন সংস্থা মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল (এমএসআই)।
ফাঁসিয়াখালীর কৃষক আবুল কালাম জানান, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে বন্যায় তার ঘরবাড়ি ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। টানা তিন দিন পানিবন্দি অবস্থায় শিশুদের নিয়ে অনাহারে থাকার দুঃসহ স্মৃতি এখনো তাকে তাড়িয়ে বেড়ায়। সহায়তা পেয়ে স্থানীয় বাসিন্দা মুমিনুল ইসলাম সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তার মাধ্যমে তারা নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব ছাফওয়ানুল করিম। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রী শুরু থেকেই বন্যার্তদের খবরাখবর রাখছেন এবং এলাকা পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তরা পুরোপুরি স্বাভাবিক অবস্থায় না ফেরা পর্যন্ত সরকারি-বেসরকারি এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে দাতা সংস্থার প্রতিনিধি গোলাম মুর্তজা, এমএসআইয়ের নির্বাহী পরিচালক মোহাম্মদ জুবায়ের এবং প্রকল্প সমন্বয়ক মোজাম্মেল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এমএসআইয়ের নির্বাহী পরিচালক মোহাম্মদ জুবায়ের জানান, চকরিয়া, চট্টগ্রাম ও খাগড়াছড়ির প্রায় সাড়ে ৫ হাজার মানুষকে এক মাসের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। সক্ষমতা অনুযায়ী দাতা সংস্থাগুলোর সহযোগিতায় এই বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্যমতে, জুলাইয়ের বন্যায় কক্সবাজার জেলায় ৪৫ হাজার ৪৩৬টি পরিবারের প্রায় ২ লাখ ৩২ হাজার ৬৯৮ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ৩১ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে চকরিয়া উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, যেখানে প্রায় ৭৫ হাজার ৫০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার ৪০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে এমএসআই। জাপানভিত্তিক কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।


0 Comments