ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

আবাসন ও শ্রম আইন লঙ্ঘন: সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ১৪ হাজার ৫৪২

আবাসন ও শ্রম আইন লঙ্ঘন: সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ১৪ হাজার ৫৪২

সৌদি আরবে আবাসন, সীমান্ত নিরাপত্তা এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ১৪ হাজার ৫৪২ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৬ থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশজুড়ে পরিচালিত এক যৌথ অভিযানে তাদের আটক করা হয়। গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ২১৬ জন আবাসন আইন, ৩ হাজার ৮৪৩ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৪৮৩ জন শ্রম আইন ভঙ্গের দায়ে অভিযুক্ত হয়েছেন।

অভিযানে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৪৫৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৬৭ শতাংশ ইথিওপিয়ার, ৩২ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার অভিযোগে আরও ১৯ জনকে আটক করা হয়। আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় বা অন্য কোনোভাবে সহায়তা করার অভিযোগে আরও ২২ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

বর্তমানে সৌদি আরবে ৩২ হাজার ৪৭৯ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে, যাদের মধ্যে ৩০ হাজার ৫৪০ জন পুরুষ এবং ১ হাজার ৯৩৯ জন নারী রয়েছেন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ হাজার ৮১৮ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ৬ হাজার ৩৫৫ জনকে ভ্রমণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে ১২ হাজার ৯৪৫ জনকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, অবৈধভাবে প্রবেশে সহায়তা, পরিবহন বা আশ্রয় দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তিও জব্দ করা হবে। আইন লঙ্ঘনের যেকোনো তথ্য জানাতে মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ এবং দেশের অন্যান্য এলাকায় ৯৯৯ বা ৯৯৬ নম্বরে যোগাযোগের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংক্ষেপে:
সৌদি আরবে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে সাড়ে ১৪ হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। অবৈধভাবে সীমান্ত পারাপার ও আইন লঙ্ঘনকারীদের সহায়তার অভিযোগে তাদের আটক করা হয়।
আবাসন ও শ্রম আইন লঙ্ঘন: সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ১৪ হাজার ৫৪২

0 Comments