দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের মন্তব্যকে অপেশাদার ও আক্রমণাত্মক আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম)। সোমবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, প্রতিমন্ত্রীর এই আচরণ একজন মন্ত্রিসভার সদস্যের কাছ থেকে কাম্য নয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, মন্ত্রিসভায় যোগ দেওয়ার আগে সাংবিধানিক নিয়ম অনুযায়ী প্রতিমন্ত্রী তাঁর ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছিলেন কি না, সে বিষয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে হুমায়ুন কবির সরাসরি উত্তর না দিয়ে বিদ্রূপাত্মক ভাষা ব্যবহার করেন। তিনি প্রশ্নকারী সংবাদমাধ্যমের উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করেন এবং রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন।
বিজেআইএম মনে করে, প্রতিমন্ত্রীর এমন আচরণ স্বাধীন সংবাদমাধ্যমের ভূমিকাকে ক্ষুণ্ন করে এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ভীতি তৈরি করতে পারে। সংগঠনটি প্রতিমন্ত্রীকে তাঁর মন্তব্য প্রত্যাহার করার এবং নাগরিকত্ব ও সাংবিধানিক যোগ্যতা নিয়ে ওঠা প্রশ্নের সুনির্দিষ্ট জবাব দেওয়ার আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, হুমায়ুন কবির অতীতে ব্রিটেনের লেবার পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ক্রোয়িডনের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের অপেশাদার আচরণের নিন্দা জানিয়েছে বিজেআইএম। সংগঠনটি তাকে মন্তব্য প্রত্যাহার ও নাগরিকত্ব নিয়ে স্পষ্ট জবাব দেওয়ার আহ্বান জানায়।


0 Comments