দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য ব্যালটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে এবারের নির্বাচনে এক ব্যতিক্রমী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম নিজের ভোটটি নিজে দিতে পারছেন না। মূলত বর্তমান জাতীয় সংসদের সদস্য না হওয়ায় ভোটার তালিকায় তার নাম নেই, যার ফলে তিনি এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে, বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান সংসদের নির্বাচিত সদস্য হওয়ায় নিজের ভোট নিজেই দিয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, শুধুমাত্র জাতীয় সংসদের সদস্যরাই এই নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রাখেন। নির্বাচন কমিশন বর্তমানে ৩৪৯ জন সংসদ সদস্যকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তবে আদালতের রায়ে চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী অযোগ্য ঘোষিত হওয়ায় ওই আসনটি বর্তমানে শূন্য রয়েছে। সংসদের বর্তমান দলীয় সমীকরণ অনুযায়ী, সাধারণ ও সংরক্ষিত আসন মিলিয়ে বিএনপির মোট ২৪৭ জন সদস্য রয়েছেন। এছাড়া জামায়াতে ইসলামীর রয়েছে ৮১ জন সদস্য। জাতীয় নাগরিক পার্টিসহ অন্যান্য ছোট দল ও স্বতন্ত্র সদস্যরাও ভোটার হিসেবে রয়েছেন। এই গাণিতিক হিসেবে বিএনপি প্রার্থীর বিজয় অনেকটা নিশ্চিত বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে আজ বিকেলেই ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। গত ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অলি আহমদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছিল।
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সংসদ সদস্য না হওয়ায় প্রার্থী হয়েও নিজের ভোট দিতে পারছেন না অলি আহমদ। অন্যদিকে ভোট দিয়েছেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


0 Comments