ইসরায়েলের তরুণ প্রজন্মের মধ্যে সূর্যের অতিবেগুনি রশ্মি ব্যবহার করে দ্রুত ত্বক তামাটে বা ট্যান করার এক বিপজ্জনক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া সতর্কবার্তা উপেক্ষা করে তীব্র রোদে সৈকতে ভিড় জমানোর ফলে তারা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন বলে জানা গেছে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে উঠে এসেছে যে, অতিবেগুনি রশ্মির মাত্রা যখন সর্বোচ্চ ১১ বা তার বেশি থাকে, তখনও তরুণরা কোনো সুরক্ষামূলক ব্যবস্থা ছাড়াই সমুদ্র সৈকতে সময় কাটাচ্ছেন।
চিকিৎসকদের মতে, সূর্যের ইউভিএ রশ্মি ত্বককে সাময়িকভাবে তামাটে করলেও ইউভিবি রশ্মি সরাসরি কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত করে, যা পরবর্তীতে ক্যানসারের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ বেসাল ও স্কোয়ামাস সেল ক্যানসার নিরাময়যোগ্য হলেও মেলানোমা ক্যানসার অত্যন্ত প্রাণঘাতী হতে পারে, যা শরীরের অন্যান্য অঙ্গেও ছড়িয়ে পড়ে।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ক্যানসার অ্যাসোসিয়েশনের তথ্যমতে, উচ্চ মেলানোমা আক্রান্ত শীর্ষ ৩০টি দেশের তালিকায় ইসরায়েলের অবস্থান বর্তমানে ২৩তম। তবে স্বস্তির বিষয় হলো, প্রাথমিক অবস্থায় ৯১ শতাংশ কেস শনাক্ত হওয়ায় দেশটিতে এই রোগে মৃত্যুর হার তুলনামূলক কম।
দেশটির শিশু চর্মরোগ বিশেষজ্ঞ ড. এফরাত বার-ইলান এবং ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছেন, সানস্ক্রিন, টুপি বা বিশেষ প্রতিরক্ষামূলক পোশাক ছাড়া তীব্র রোদে থাকা ক্যানসারকে সরাসরি আমন্ত্রণ জানানোর সমান। তারা আরও স্পষ্ট করেছেন যে, অনুমোদিত সানস্ক্রিন ব্যবহারে কোনো ক্ষতি নেই। বরং এটি ব্যবহার না করলে অতিবেগুনি রশ্মির প্রভাবে অকাল বলিরেখা এবং ক্যানসারের ঝুঁকি নিশ্চিতভাবে বেড়ে যায়। বিশেষজ্ঞরা তরুণদের তাৎক্ষণিক সৌন্দর্যের চেয়ে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সুরক্ষাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তামাটে ত্বকের লোভে তীব্র রোদে ইসরায়েলি তরুণদের ভিড় বাড়ছে। অতিবেগুনি রশ্মির প্রভাবে দেখা দিচ্ছে প্রাণঘাতী মেলানোমা ক্যানসারের ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতা দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।


0 Comments