আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে নির্মাতা রুবাইয়াত হোসেনের নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ভেনিস ও টরন্টো চলচ্চিত্র উৎসবের পর এবার ছবিটি ৭০তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হয়েছে। আগামী ৭ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিতব্য যুক্তরাজ্যের এই মর্যাদাপূর্ণ উৎসবের ‘বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’ বিভাগে লড়বে সিনেমাটি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভ্যারাইটির তথ্য অনুযায়ী, সেরা চলচ্চিত্রের এই বিভাগে মোট ১০টি সিনেমা প্রতিদ্বন্দ্বিতা করবে। তালিকায় রুবাইয়াত হোসেনের এই ছবির পাশাপাশি জাপান, ইউক্রেন, যুক্তরাজ্য, হাঙ্গেরি, আর্জেন্টিনা, আয়ারল্যান্ড, ইতালি, পোল্যান্ড ও ডেনমার্কের নির্মাতাদের কাজ স্থান পেয়েছে। এর আগে প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে ভেনিস ও টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছিল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
সিনেমাটিকে একটি মনস্তাত্ত্বিক হরর হিসেবে বর্ণনা করেছেন এর নির্মাতা। ঢাকার ঐতিহ্যবাহী মেফেয়ার বিউটি পার্লারকে কেন্দ্র করে এর কাহিনি আবর্তিত হয়েছে। প্রচলিত রহস্যময় এক কনের মৃত্যুকে ঘিরে সেখানে বিয়ের প্রস্তুতি নিতে আসা এক তরুণীর অতিপ্রাকৃত অভিজ্ঞতাই ছবির মূল উপজীব্য।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিষেক হচ্ছে জাইনীন করিমের। এতে আরও অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী। বাংলাদেশ ছাড়াও ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি। রুবাইয়াত হোসেনের সঙ্গে এটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফ্রাঁসোয়া ডি’আর্টেমারে, আন্না ক্যাচকো, পেড্রো বোর্গস ও ইনগার্ড লিল হটন।
ভেনিস ও টরন্টোর পর এবার ৭০তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের সেরা চলচ্চিত্র বিভাগে লড়বে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। বাংলাদেশের সিনেমার জন্য এটি এক অনন্য আন্তর্জাতিক অর্জন।


0 Comments